সাফে আবার চ্যাম্পিয়ন, পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবার খেতাব জিতল ভারত
সাফ ফুটবলে আবার চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে দশবার। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এলো খেতাব। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বার করল ব্লু টাইগার্স। গোল দুটি করলেন সুহেল ভাট ও সন্দীপ মান্ডি।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: সাফ ফুটবলে আবার চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে দশবার। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এলো খেতাব। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বার করল ব্লু টাইগার্স। গোল দুটি করলেন সুহেল ভাট ও সন্দীপ মান্ডি।
গোটা প্রথমার্ধ পাকিস্তান দাপিয়ে খেলে. গোল করে এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখায় দশজন হয়ে যায় পাকিস্তান। সেই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগালো ভারত। এই পাকিস্তান দলে পাঁচজন ফুটবলার পাক বংশোদ্ভুত, কিন্তু ইউরোপেই তাঁদের বেড়ে ওঠা। খেলেনও ইউরোপের সেরা সব লিগে। তাই লড়াইটা সহজ ছিল না ভারতের জন্য। সেই অ্যাডভান্টেজ নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান। কিন্তু শুরুর সেই ঝড় সামলে ক্রমশ ম্যাচ ধরে নেয় ভারতীয় দল।
এই প্রতিযোগিতায় বাংলার একমাত্র প্রতিনিধি ছিলেন সন্দীপ মান্ডি। শেষ সময়ে গোল করে তিনিই ম্যাচের নায়ক। কল্যাণীর সাঁওতাল পাড়ায় এদিন খুশির ঢল। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন, তাই খুশির আলাদা মাত্রা গোটা পরিবারে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের ইতিবাচক দৃষ্টভঙ্গিকেও প্রশংসা করতে হবে। ভারতের প্রথম দল গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। এবং সাফে প্রায় তৃতীয় সারির দল পাঠিযেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রায় সবাই বিদেশে খেলা প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছিল। তবু বাজিমাত করল টিম ইন্ডিয়া। সাফে আবার উড়ল ভারতীয় পতাকা।








