জুনিয়র ব্রোঞ্জ থেকে সিনিয়র সোনা! গ্লাসগোয় বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা ক্যারাটেকাদের হারিয়ে চ্যাম্পিয়ন বিপাশা পাল
প্রতিপক্ষদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক স্তরে বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা অ্যাথলিটরাও। একের পর এক কঠিন পাঁচটি রাউন্ড পেরিয়ে শেষ পর্যন্ত সোনার পদক জিতে নেন বাংলার এই ক্যারাটেকা। তাঁর এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। এর আগে জুনিয়র বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বিপাশা। এবার সিনিয়র বিভাগে সবার উপরে উঠে এসে বুঝিয়ে দিলেন, প্রতিভা ও পরিশ্রমের মেলবন্ধন থাকলে সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
প্রতিভা, অদম্য জেদ এবং মানসিক দৃঢ়তার অনন্য নজির গড়লেন বাংলার মেয়ে বিপাশা পাল। স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত দ্বাদশ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সিনিয়র মহিলা কাতা বিভাগে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি।
কমনওয়েলথের অন্যতম সেরা ক্যারাটেকাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল বিপাশাকে। প্রতিপক্ষদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক স্তরে বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা অ্যাথলিটরাও। একের পর এক কঠিন পাঁচটি রাউন্ড পেরিয়ে শেষ পর্যন্ত সোনার পদক জিতে নেন বাংলার এই ক্যারাটেকা। তাঁর এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। এর আগে জুনিয়র বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বিপাশা। এবার সিনিয়র বিভাগে সবার উপরে উঠে এসে বুঝিয়ে দিলেন, প্রতিভা ও পরিশ্রমের মেলবন্ধন থাকলে সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।
বিপাশার এই অসাধারণ সাফল্যের নেপথ্যে রয়েছেন তাঁর কোচ ও মেন্টর হানশি প্রেমজিৎ সেন। ভারতের অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষকদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক মানের অ্যাথলিট ও চ্যাম্পিয়ন তৈরি করে চলেছেন প্রেমজিৎ।
তাঁর প্রশিক্ষণ শুধু ক্যারাটের কৌশল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। শৃঙ্খলা, মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস, প্রতিপক্ষের কৌশল বোঝা এবং আন্তর্জাতিক মঞ্চে চাপ সামলে লড়াই করার মানসিকতা তৈরি করাই তাঁর প্রশিক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য।
মজার বিষয়, এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক রেফারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন প্রেমজিৎ সেন। ফলে বিপাশার প্রতিটি ম্যাচে শারীরিকভাবে তাঁর পাশে থাকা সম্ভব হয়নি। কিন্তু দীর্ঘদিনের প্রশিক্ষণ, ম্যাচের প্রস্তুতি এবং শিষ্যার দক্ষতা সম্পর্কে তাঁর গভীর ধারণাই প্রতিটি রাউন্ডে বিপাশার আত্মবিশ্বাসের অন্যতম শক্তি হয়ে উঠেছিল।
নিজের সাফল্যের নেপথ্যে কোচের অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ বিপাশা বলেন, “আমার কোচ প্রেমজিৎ সেন সবসময় আমার পাশে থাকেন। ভুল করলে বকেন, আবার নিজের পরিবারের মতোই ভালোবাসেন। প্রতিদিন আমাকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করেন। উনি আমাকে এমনভাবে তৈরি করেছেন, যাতে বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা প্রতিপক্ষদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারি। আজ আমি যা অর্জন করেছি, তার পিছনে আমার কোচের অবদান অপরিসীম। এই সাফল্য আমি ওঁকেই উৎসর্গ করছি।”
বিপাশার ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত কোচ হানশি প্রেমজিৎ সেনও। তিনি বলেন, “বিপাশার পারফরম্যান্সে আমি অত্যন্ত গর্বিত। আন্তর্জাতিক স্তরে র্যাঙ্কিংয়ে থাকা প্রতিপক্ষদের হারিয়ে সিনিয়র বিভাগে সোনা জেতা বিরাট কৃতিত্ব। ও প্রমাণ করেছে, ভারতীয় অ্যাথলিটদের মধ্যে বিশ্বের সেরাদের হারানোর মতো প্রতিভা, সাহস এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা রয়েছে।








