পাঁচ মাস পর প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া এ সিরিজে ইন্ডিয়া এ দলে হার্দিক পান্ডিয়া
ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া এ -র বিরুদ্ধে আসন্ন ঘরোয়া সিরিজের জন্য বুধবার ইন্ডিয়া এ দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পুদুচেরিতে আয়োজিত এই সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। তবে ঘোষিত দলের সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে হার্দিক পান্ডিয়ার নাম। অস্ট্রেলিয়া এ এর বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ইন্ডিয়া এ দলে জায়গা পেয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া এ-র এই সফরে থাকছে মোট পাঁচটি ম্যাচ দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ। প্রথম চার দিনের ম্যাচটি ২২ থেকে ২৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত খেলা হবে। এরপর তিনটি ওডিআই অনুষ্ঠিত হবে ৬, ৯ এবং ১১ অক্টোবর। সিরিজের সবকটি ম্যাচই পুদুচেরিতে আয়োজিত হবে।
এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিকের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু চোটের কারণে তাঁর প্রত্যাবর্তন পিছিয়ে যায়। এবার অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ইন্ডিয়া এ -র ওডিআই দলে জায়গা পেলেন তিনি। আইপিএল ২০২৬-এর পর মাসেলে চোটের কারণে প্রায় পাঁচ মাস খেলা থেকে বিরত রয়েছেন এই অলরাউন্ডার।
তবে এখনই নিশ্চিত নয় হার্দিক অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে মাঠে নামবেন কি না। তাঁর অংশগ্রহণ নির্ভর করছে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার উপর।
এদিকে, অস্ট্রেলিয়া এ সিরিজের জন্য দুটি আলাদা দলের নেতৃত্বও ঘোষণা করেছে নির্বাচকরা। চার দিনের ম্যাচে ইন্ডিয়া এ -কে নেতৃত্ব দেবেন দেবদূত পাডিক্কাল। অন্যদিকে, তিন ম্যাচের ওডিআই সিরিজে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুতুরাজ গাইকওয়াড।
ভারতীয় ক্রিকেটে হার্দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যাট এবং বল, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার কারণে তাঁর প্রত্যাবর্তন দলের জন্য বড় স্বস্তি হতে পারে। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারলে ইন্ডিয়া এ - র হয়ে এই সিরিজ তাঁর ম্যাচ ফিটনেস যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।
তবে শেষ পর্যন্ত হার্দিক মাঠে নামবেন কি না, সেই সিদ্ধান্ত নির্ভর করবে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স-এর ফিটনেস পরীক্ষার ফলের উপর।
