ভারতের বিরুদ্ধে শক্তিশালী উরুগুয়ে! কলকাতায় নামবেন ভালভার্দে-নুনেজরা
ভারতের বিরুদ্ধে এই ম্যাচকে যে উরুগুয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তা তাদের তারকা-সমৃদ্ধ ৪৬ সদস্যের স্কোয়াড থেকেই স্পষ্ট।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারত তথা কলকাতার ফুটবল উন্মাদনা চিরকালই আকাশছোঁয়া এবং আসন্ন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ গুলির কারণে এই উন্মাদনা আরই বেড়ে চলেছে। আর তারই মধ্যে ভারতীয় জাতীয় ফুটবল দল এগিয়ে চলেছে উরুগুয়ের বিরুদ্ধে এক বহুল প্রতীক্ষিত ম্যাচের দিকে। আগামী ৬ অক্টোবর, ২০২৬ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
ভারতের বিরুদ্ধে এই ম্যাচকে যে উরুগুয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তা তাদের তারকা-সমৃদ্ধ ৪৬ সদস্যের স্কোয়াড থেকেই স্পষ্ট। দলটিতে রয়েছে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলের অভিজ্ঞতা এবং একঝাঁক প্রতিশ্রুতিমান তরুণ প্রতিভার মিশেল।
স্কোয়াডে নজর কেড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে, বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং লিভারপুলের তারকা ফরোয়ার্ড দারউইন নুনেজ। তাঁদের সঙ্গে রয়েছেন টটেনহ্যামের রদ্রিগো বেনতানকুর। ফলে কলকাতার ফুটবলপ্রেমীরা খুব কাছ থেকে বিশ্বমানের একাধিক তারকাকে দেখার সুযোগ পাবেন।
উরুগুয়ের দলে আরও রয়েছে নাহিতান নান্দেজ, জর্জিয়ান দে আরাসকায়েতা, ফাকুন্দো পেলিস্ত্রি, আলেকজান্ডার বারবোজা এবং লুসিয়ানো রদ্রিগেজের মতো পরিচিত নাম।
ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচটি হতে চলেছে এক স্বপ্নের সপ্তাহের অংশ। উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে একই ভেন্যুতে ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ব্লু টাইগার্সরা।
ভারতীয় ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বমানের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার মাধ্যমে ভারতীয় দল নিজেদের সামর্থ্য যাচাই করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে উচ্চস্তরের ফুটবলের অভিজ্ঞতা অর্জনের বিরল সুযোগ পাবে।..








