১৬ বছরের অপেক্ষার অবসান, যুব অলিম্পিকে বক্সিংয়ে ভারতের প্রথম সোনা এনে ইতিহাস মণিপুরের আম্বেকরের
ভারতীয় বক্সিংয়ে তৈরি হল এক নতুন ইতিহাস। যুব অলিম্পিকের মঞ্চে প্রথমবার সোনার পদক জিতলেন কোনও ভারতীয় বক্সার। আর এই ঐতিহাসিক সাফল্য এল মণিপুরের লায়রেনলাকপাম আম্বেকর মেইতেইয়ের হাত ধরে। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের হয়ে নজির গড়লেন তিনি।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় বক্সিংয়ে তৈরি হল এক নতুন ইতিহাস। যুব অলিম্পিকের মঞ্চে প্রথমবার সোনার পদক জিতলেন কোনও ভারতীয় বক্সার। আর এই ঐতিহাসিক সাফল্য এল মণিপুরের লায়রেনলাকপাম আম্বেকর মেইতেইয়ের হাত ধরে। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের হয়ে নজির গড়লেন তিনি।
দাকার ২০২৬ যুব অলিম্পিকে পুরুষদের ৫০ কেজি বিভাগে ফাইনালে আয়ারল্যান্ডের ক্রিস্টিয়ান জুবানির মুখোমুখি হয়েছিলেন আম্বেকর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্প্লিট ডিসিশনে জয় ছিনিয়ে নিয়ে সোনা নিশ্চিত করেন ভারতীয় বক্সার।
আম্বেকরের এই সাফল্য একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। এর আগে ২০১০ সালের যুব অলিম্পিকে বক্সিংয়ে ভারতের হয়ে পদক জিতেছিলেন শিবা থাপা। ৫৪ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর সেই যুব অলিম্পিকের মঞ্চেই শুধু ফাইনালে ওঠাই নয়, সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নিলেন আম্বেকর।
সোনার পথে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন মণিপুরের এই তরুণ। কোয়ার্টার ফাইনালে সেনেগালের ফায়ে শেখ ইব্রাহিমা ফলকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। এরপর সেমিফাইনালেও কলম্বিয়ার ইজ্জন জেফরি গালেয়া আরেভালোকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
তবে ফাইনালের লড়াই মোটেও সহজ ছিল না। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকেরই সমর্থন পান জুবানি। ফলে শুরুতেই চাপে পড়ে যান ভারতীয় বক্সার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন আম্বেকর। তৃতীয় রাউন্ডে নিজের সেরাটা উজাড় করে দিয়ে শেষ পর্যন্ত চার বিচারকের সমর্থন আদায় করে নেন তিনি। তাতেই আসে ঐতিহাসিক জয়।
মণিপুরের ক্রীড়া ঐতিহ্যে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন আম্বেকর। পাটিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে প্রশিক্ষণ নেওয়া এই তরুণ বক্সার আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিলেন।
উল্লেখ্য, দাকার যুব অলিম্পিকে মহিলাদের ৪৮ কেজি বিভাগেও ফাইনালে উঠেছেন ভারতের গুঞ্জন। ফলে ভারতীয় বক্সিংয়ের জন্য এবারের যুব অলিম্পিক ইতিমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে।
