চীনের মাটিতে ভারতের দাপট! প্রথম ভারতীয় জুটি হিসেবে চায়না মাস্টার্সের খেতাব জিতে ইতিহাসের পাতায় সাত্ত্বিক-চিরাগ
প্রথম বারের জন্য ভারতের কোনো ব্যাডমিন্টন জুটিও এই খেতাব জিতলো, যা আজকের দিনটিকে ইতিহাসের পাতায়ে স্মরণীয় করে দিলো। রবিবার শেনঝেন অ্যারেনায় হাজার হাজার দর্শকের সামনে চীনের হে জিটিং ও রেন শিয়াংইউকে তিন গেমের রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতীয় জুটি।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ফের প্রমাণ করলেন, কেন তাঁরা বিশ্বের অন্যতম সেরা জুটি। শেনঝেনে নিজেদের প্রথম চায়না মাস্টার্স ডাবলসের খেতাব জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন তাঁরা। প্রথম বারের জন্য ভারতের কোনো ব্যাডমিন্টন জুটিও এই খেতাব জিতলো, যা আজকের দিনটিকে ইতিহাসের পাতায়ে স্মরণীয় করে দিলো। রবিবার শেনঝেন অ্যারেনায় হাজার হাজার দর্শকের সামনে চীনের হে জিটিং ও রেন শিয়াংইউকে তিন গেমের রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতীয় জুটি।
২০২৩ ও ২০২৫, চায়না মাস্টার্সের এই দুই সংস্করণেই রানার্স-আপ হয়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ। তাই এবার সেই আক্ষেপ মুছে খেতাব জয়ের লক্ষ্যেই কোর্টে নেমেছিলেন তাঁরা। আগের দুইবারের ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তাই আরও বিশেষ হয়ে উঠল।
ম্যাচের শুরুটা অবশ্য একেবারেই ভারতের পক্ষে ছিল না। ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে চীনা জুটি প্রথম গেম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। সাত্ত্বিক-চিরাগকে কার্যত কোনও সুযোগ না দিয়ে ২১-১১ ব্যবধানে প্রথম গেম জিতে নেয় তারা।
তবে দ্বিতীয় গেমে সম্পূর্ণ বদলে যায় ম্যাচের ছবি। কৌশলে বড়সড় পরিবর্তন আনেন সাত্ত্বিক ও চিরাগ। পিছন থেকে সাত্ত্বিকের একের পর এক শক্তিশালী স্ম্যাশ এবং নেটে চিরাগের দ্রুত ইন্টারসেপশন চাপে ফেলে দেয় চীনা জুটিকে। ভারতীয় জুটির এই কৌশলগত পরিবর্তনে তাল কেটে যায় হে জিটিং ও রেন শিয়াংইউয়ের। দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান সাত্ত্বিক-চিরাগ।
তৃতীয় ও নির্ণায়ক ম্যাচ ছিল রুদ্ধশ্বাস। বিরতির সময় ৯-১১ পয়েন্টে পিছিয়ে ছিল ভারতীয় জুটি। ম্যাচের শেষ পর্বেও ১৬-১৭ ব্যবধানে পিছিয়ে পড়েন তাঁরা। কিন্তু চাপ যতই বাড়তে থাকে, ততই ঠান্ডা মাথায় নিজেদের সেরাটা উজাড় করে দেন সাত্ত্বিক ও চিরাগ। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা পাঁচ পয়েন্ট তুলে নিয়ে নির্ণায়ক গেম নিজেদের দখলে নেন তাঁরা। শেষ পর্যন্ত ৭০ মিনিটের দুর্দান্ত লড়াইয়ের পর আসে ঐতিহাসিক জয়।
এই খেতাব জয়ের সঙ্গে সাত্ত্বিক-চিরাগের ঝুলিতে যোগ হল মোট ১০টি বি ডাবলু এফ ওয়ার্লড ট্যুর শিরোপা। একইসঙ্গে ২০২৬ মরশুমে এটি তাঁদের দ্বিতীয় সুপার ৭৫০ খেতাব। চায়না মাস্টার্স জয়ের মাধ্যমে বিশ্ব ব্যাডমিন্টনে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলেন ভারতের এই তারকা জুটি।








