আজ রাতে এমবাপে বনাম হালান্ড উত্তেজক লড়াইয়ের অপেক্ষা
এই ম্যাচের মূল আকর্ষণ নিঃসন্দেহে দুই তারকা স্ট্রাইকার—কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। দু'জনই প্রথম দুই ম্যাচে চারটি করে গোল করেছেন এবং নিজেদের দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার লক্ষ্য গোলসংখ্যা আরও বাড়ানো।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে শুক্রবার বোস্টনে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। ফলে গ্রুপসেরা হওয়ার লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ।
তবে এই ম্যাচের মূল আকর্ষণ নিঃসন্দেহে দুই তারকা স্ট্রাইকার—কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। দু'জনই প্রথম দুই ম্যাচে চারটি করে গোল করেছেন এবং নিজেদের দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার লক্ষ্য গোলসংখ্যা আরও বাড়ানো।
বিশ্ব ফুটবলের দুই সেরা ফরোয়ার্ডের এই লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এমবাপ্পে ও হালান্ড দু'জনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ম্যাচের যে কোনও মুহূর্তে পার্থক্য গড়ে দিতে সক্ষম।
ম্যাচের আগে হালান্ড অবশ্য ফলাফল নিয়ে খুব একটা ভাবছেন না। ফক্স স্পোর্টসকে তিনি বলেন,
"সত্যি বলতে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমরা পরের রাউন্ডে উঠে গেছি, সেটাই সবচেয়ে বড় বিষয়। ফ্রান্স সম্ভবত আমাদের হারাবে, এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।"
যদিও কাগজে-কলমে ফ্রান্সকে এগিয়ে রাখা হচ্ছে, তবুও হালান্ডের গোল করার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই। শক্তিশালী ফরাসি রক্ষণভাগের বিপক্ষেও তিনি সুযোগ তৈরি করতে পারেন। অন্যদিকে এমবাপেও প্রতিপক্ষের জন্য সবসময়ই বড় হুমকি। ম্যাচের যেকোনও মুহূর্তে গোল করে দলের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।
বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি, যার গোলসংখ্যা পাঁচ। এমবাপে ও হালান্ড দু'জনেরই সামনে সুযোগ রয়েছে এই ম্যাচেই মেসিকে টপকে যাওয়ার এবং নকআউট পর্বের আগে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যাওয়ার।
এদিকে ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকছেন না প্রধান কোচ দিদিয়ের দেশঁ। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, মঙ্গলবার সকালে দেশঁ তার মায়ের মৃত্যুসংবাদ পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে গেছেন।
তার অনুপস্থিতিতে ফ্রান্স কীভাবে মাঠে পারফর্ম করে, সেটিও ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের পাশাপাশি এমবাপে ও হালান্ডের গোলের লড়াই—সব মিলিয়ে বোস্টনের এই ম্যাচটি বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে।








