মুসলেরার আরও এক ভুলে উরুগুয়ের বিদায়, এক গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার আরেকটি বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল স্পেন। একই সঙ্গে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের এবারের বিশ্বকাপ যাত্রারও ইতি ঘটল।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক : গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার আরেকটি বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল স্পেন। একই সঙ্গে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের এবারের বিশ্বকাপ যাত্রারও ইতি ঘটল।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৪২তম মিনিটে। স্পেনের মিডফিল্ডার আলেক্স বায়েনা বক্সের ভেতর থেকে নেওয়া শট উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হন। তার হাত ফসকে বল জালে জড়িয়ে যায় এবং সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
৪০ বছর বয়সী মুসলেরার জন্য এটি চলতি বিশ্বকাপে তৃতীয় বড় ভুল। ধারাবাহিক ব্যর্থতার কারণে বিরতির পর তাকে মাঠ থেকে তুলে নেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।নামিয়ে দেন সের্গিও রোচেটকে। এবার রোচেটই ছিলেন প্রথম গোলরক্ষক, কিন্তু বর্ষীয়ান মুসলেরার ওপরই শুরুতে ভরসা রেখেছিলেন কোচ বিয়েলসা। কিন্তু হতাশ করলেন মুসলেরা। শেষ মুহূর্তে ফেরান টোরেস একা রোচেটকে পেয়েও গোল করতে ব্যর্থ হন। তাঁর শট বারে আছড়ে পড়ে বেরিয়ে যায়।
এই জয়ের ফলে গ্রুপ এইচ-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা নকআউট পর্বে উঠেছে। আগামী বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ইংলউডে গ্রুপ জে-এর রানার্স —অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন।
অন্যদিকে, উরুগুয়ের জন্য এটি ছিল হতাশাজনক একটি আসর। তিনটি গ্রুপ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা উরুগুয়ে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে বিদায় নেওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল।








