আল সিবের বিরুদ্ধে নামার আগে হাবাস জানিয়ে দিলেন, তাঁর কাছে স্বদেশি-বিদেশি ফুটবলারে কোনও তফাৎ নেই
আল সিবের সঙ্গেই ফিরতি ম্যাচ খেলতে নামছে লালহলুদ ব্রিগেড। হাবাস জানিয়ে দিলেন সেই ম্যাচের পর বেশি প্রস্তুতির সময় পাননি। তবে ভুল ভ্রান্তি বিশ্লেষণ করে আরও উন্নতি করার চেষ্টা করছেন।

ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল এফসি
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ওমানে আল সিবের সঙ্গে সপ্তাহ খানেক আগে ম্যাচ ড্র করে ফিরেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতীতে সেই আল সিবের সঙ্গেই ফিরতি ম্যাচ খেলতে নামছে লালহলুদ ব্রিগেড। হাবাস জানিয়ে দিলেন সেই ম্যাচের পর বেশি প্রস্তুতির সময় পাননি। তবে ভুল ভ্রান্তি বিশ্লেষণ করে আরও উন্নতি করার চেষ্টা করছেন।
মঙ্গলবার দলে যে খুব বেশি পরিবর্তন হবে না, তার ইঙ্গিত দিয়েছেন তিনি। হাবাসের স্পষ্ট কথা, তাঁর কাছে স্বদেশি বিদেশি কোনও ভেদাভেদ নেই। জানিয়ে দিলেন, তাঁর দলে খুব ভাল ভারতীয় ফুটবলার আছেন।
এবার ঘরের মাঠে আল সিবের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। হাবাসও মানেন, ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলা সব সময়ই ভাল ব্যাপার। আত্মবিশ্বাস বাড়ায়। তবে দলের খেলায় আরও ইনসেনসিটি চাই, সুযোগের সদ্ব্যবহার চাই বলেই তিনি মনে করেন।
লালহলুদ ক্যাপ্টেন বাসিম রশিদ মনে করেন, এটা তাঁদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে. নাহলে কাজটা খুবই কঠিন হয়ে যাবে। মঙ্গলবারের ম্যাচ থেকে প্রতিটা ম্যাচই তাঁদের কাছে ফাইনাল ম্যাচ, এমনই বক্তব্য রশিদের।পরের ম্যাচগুলি নিয়ে তাঁরা ভাবছেন না। ভাবনায় শুধু আল সিব ম্যাচ। তিনিও মনে করেন, সুযোগ কাজে লাগাতে হবে।
আল সিবের কোচ ইস্টবেঙ্গলকে খুবই কঠিন প্রতিপক্ষ বলে মনে করছেন। একবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তাঁরা কাজে লাগাতে চান। তিনি মনে করেন, অফেন্সিভ পার্টে যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই বাজিমাত করবে।








