দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ
ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে এআইএফএফের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। একাধিক কারণে এই সম্মান পেল কল্যাণ চৌবের ফেডারেশন। আঞ্চলিক প্রতিযোগিতায় সাফল্য, ঘরোয়া ফুটবলের উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। এই প্রথমবার গোল্ড সম্মান পেল এআইএফএফ।
ছবি সৌজন্য - এক্স
দুর্দান্ত সাফল্য, এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার পুরস্কারে সোনার সম্মান পেল এআইএফএফ
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এশীয় স্তরে বিরাট সাফল্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার বিভাগে গোল্ড সম্মান পেল এআইএফএফ। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে এই সম্মান অর্জন করল ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা।
ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে এআইএফএফের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। একাধিক কারণে এই সম্মান পেল কল্যাণ চৌবের ফেডারেশন। আঞ্চলিক প্রতিযোগিতায় সাফল্য, ঘরোয়া ফুটবলের উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। এই প্রথমবার গোল্ড সম্মান পেল এআইএফএফ। এর আগে ২০১৬ সালে ডেভেলপমেন্ট বিভাগে এই পুরষ্কার জিতেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার বিভাগে এটি এআইএফএফের দ্বিতীয় সম্মান।
এই বছরে আঞ্চলিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের ঝুলিতে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নশিপ খেতাব ও তিনটি রানার আপ খেতাব। এর মধ্যে চারটি চ্যাম্পিয়নশিপ খেতাবই এসেছে মহিলাদের আঞ্চলিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বকারী দলগুলির হাত ধরে। সিনিয়র মহিলা দল জিতেছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ মহিলা দলও জিতেছে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ।
মহাদেশীয় স্তরেও ভারতের মহিলা দলগুলির ঈর্ষনীয় সাফল্য। প্রথমবার কোয়ালিফায়ার্সের মাধ্যমে এএফসি মহিলা এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে সিনিয়র মহিলা দল, যাদের পরিচিতি ‘ব্লু টাইগ্রেসেস’ নামে। অন্যদিকে, প্রথমবার এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। পাশাপাশি, দুই দশক পর এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল।
এই স্বীকৃতি পেয়ে আপ্লুত এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “এএফসির এই স্বীকৃতি দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলের উন্নতির জন্য যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তারই প্রতিফলন। জাতীয় দল, ঘরোয়া প্রতিযোগিতা থেকে শুরু করে তৃণমূল স্তরে ফুটবলের প্রসার—সব ক্ষেত্রেই এই উদ্যোগের প্রভাব রয়েছে। বিশেষ করে চলতি বছরে আমাদের মহিলা দলগুলির সাফল্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ফুটবলে মহিলা ও মেয়েদের জন্য আরও সুযোগ তৈরি করার ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, এই সাফল্য তারই প্রমাণ। এই পুরস্কার শুধু আমাদের এতদিনের কাজের স্বীকৃতি নয়, বরং ফুটবলের মান আরও উন্নত করা এবং ভারতে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফুটবল পরিকাঠামো গড়ে তোলার দায়িত্বও বাড়িয়ে দিল।”
এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, “ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার ফল এই স্বীকৃতি। এই অগ্রগতির পিছনে খেলোয়াড় ও কোচদের অবদান অনস্বীকার্য। তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের দিকনির্দেশনা ও সহযোগিতা এবং সদস্য সংস্থাগুলির ধারাবাহিক সমর্থন ও অবদানের জন্যও কৃতজ্ঞ। ভারতীয় ফুটবলের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন, এই পুরস্কার তাঁদের সকলের।”
অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রতিকূলতা, অনেক সমালোচনা, কিন্তু কোনও সন্দেহ নেই এআইএফএফের এই সাফল্য সত্যিই নজরকাড়া। কল্যাণ চৌবের ফেডারেশন এর জন্য উচ্ছ্বসিত হতেই পারে। খুশি ও সাফল্যের আনন্দের মাঝে নতুনভাবে প্রেরণাও পাচ্ছেন ফেডারেশন কর্তারা।








