ডার্বি ড্র হলেও নৈতিক জয় ইস্টবেঙ্গলের, তন্ময়, আকাশ, বিলালরাই নায়ক
কলকাতা লিগের ডার্বি হয়ত ১-১ গোলে ড্র হল, তবে নৈতিক জয় অবশ্যই ইস্টবেঙ্গলের। প্রায় গোটা সিনিয়র দলকেই নামিয়ে দিয়েছিল মোহনবাগান। কে ছিলেন না! মেহতাব, শুভাশিস, সাহাল, মনবীর, আপুইয়া সবাই খেললেন, কিন্তু তাতেও তরুণ ইস্টবেঙ্গলকে হারাতে পারলেন না।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কলকাতা লিগের ডার্বি হয়ত ১-১ গোলে ড্র হল, তবে নৈতিক জয় অবশ্যই ইস্টবেঙ্গলের। প্রায় গোটা সিনিয়র দলকেই নামিয়ে দিয়েছিল মোহনবাগান। কে ছিলেন না! মেহতাব, শুভাশিস, সাহাল, মনবীর, আপুইয়া সবাই খেললেন, কিন্তু তাতেও তরুণ ইস্টবেঙ্গলকে হারাতে পারলেন না।
বিপক্ষে সিনিয়রদের দেখে প্রথমার্ধে অবশ্য অনেকটাই গুটিয়ে ছিল লালহলুদ ব্রিগেড। প্রাধান্য নিয়েই খেলা নিয়ন্ত্রণ করছিল মোহনবাগান। তবে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেননি। তন্ময় দাস, অঙ্কন, চাকু মান্ডিদের দুর্দান্ত লড়াইয়ে উদ্বুদ্ধ ইস্টবেঙ্গল রুখে দিচ্ছিল সব আক্রমণই। ভুল করে একবারই। সেই সুযোগ কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং।
দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য ইস্টবেঙ্গল। গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায়। তন্ময়ের নেতৃত্বে মাঝমাঠ, আক্রমণভাগে আকাশ বিলালদের সামনে দৌড় চাপে ফেলে দেয় মোহনবাগানের সিনিয়র ফুটবলারদের। মেহতাব, আপুইয়া, শুভাশিস থাকা সত্ত্বেও বারবার কেঁপে যায় মোহন রক্ষণ।
এই সময় অন্তত বার তিনেক নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। একবার জোরালো হেড বারে লেগে প্রতিহত হল। তারপরই গোল শোধ। কর্ণার থেকে আসা বলে দুর্দান্ত হেডে সমতা ফেরান বিলাল। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর গোলের দেখা পেল না মোহনবাগান। ফলে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ডার্বি অমীমাংসিতভাবেই শেষ হল।
তবে শুধু এদিনের ম্যাচে নয়, ডুরান্ড ও কলকাতা লিগে সবুজ মেরুনের সিনিয়র ভারতীয় ফুটবলাররা যা পারফরম্যান্স করলেন, তাতে আইএসএলে পানোসের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। অন্যদিকে লালহলুদের তন্ময়, আকাশরা দিনের পর দিন যা পাররফরম্যান্স করছেন, তাতে আইএসএলে কেন তাঁরা সুযোগ পাবেন না, তুলে দিচ্ছেন সেই প্রশ্ন।








