মেসির ইভেন্টের টিকিট কিনেছিলেন যাঁরা, তাঁরা পাচ্ছেন ভারত-উরুগুয়ে ম্যাচের কমপ্লিমেন্টারি পাস
গত ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির G.O.A.T. A Tour ইভেন্টের টিকিট কিনেছিলেন যে ফুটবলপ্রেমীরা, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য ওই টিকিটধারীদের কমপ্লিমেন্টারি পাস দেওয়া হবে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:
গত ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির G.O.A.T. A Tour ইভেন্টের টিকিট কিনেছিলেন যে ফুটবলপ্রেমীরা, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য ওই টিকিটধারীদের কমপ্লিমেন্টারি পাস দেওয়া হবে।
৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের কাছে ভারত ০-৪ গোলে হারের পর সংবাদমাধ্যমের সামনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মেসির ইভেন্টের টিকিট কিনেছিলেন যে সমর্থকেরা, তাঁদের প্রতি সৌজন্য হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৩ ডিসেম্বর ২০২৫ কলকাতায় মেসির বহু প্রতীক্ষিত সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অনুষ্ঠানে টিকিট কেটেও অনেক সমর্থক তাঁদের অভিজ্ঞতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই ঘটনার কয়েক মাস পর এবার তাঁদের জন্য এই কমপ্লিমেন্টারি পাসের ঘোষণা করা হল।
এদিকে, ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খান তাঁর অফিসিয়াল X অ্যাকাউন্টে পাস সংগ্রহের বিস্তারিত পদ্ধতি জানিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফিজিক্যাল কমপ্লিমেন্টারি পাস সংগ্রহ করা যাচ্ছে।
পাস সংগ্রহের জন্য যোগ্য টিকিটধারীদের সঙ্গে রাখতে হবে বৈধ সরকারি ফটো পরিচয়পত্র—যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। এর পাশাপাশি জমা দিতে হবে মেসির G.O.A.T. Tour-এর সময় কেনা পুরনো পেইড টিকিট।
কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক জায়গা থেকে পাস সংগ্রহ করা যাবে। সেই তালিকায় রয়েছে মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরি কমিউনিটি হল, অভয়ন কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভানন্দন কমিউনিটি হল, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এবং টিকিটধারীদের প্রতি সৌজন্য হিসেবেই এই পাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
আগামী ৬ অক্টোবর যুবভারতীতেই উরুগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে নামবে ভারত। ফলে মেসির ইভেন্টের টিকিট কেনা সেই সমর্থকদের সামনে ফের সল্টলেক স্টেডিয়ামে বসে ভারতীয় ফুটবল দলের হাই-প্রোফাইল ম্যাচ দেখার সুযোগ তৈরি হল।








