তরুণ তুর্কিদের বড় চমক! অনূর্ধ্ব ১৫ ফিফা বিশ্বকাপে লাওসকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত
লাওসের বিরুদ্ধে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রুপ ‘কে’-তে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান শুরু করল ব্লু কোল্টসরা। তবে উদ্যাপনের সময় খুব বেশি নেই। আগামীকালই ক্যামেরুনের মুখোমুখি হবে ভারত। লাওসের বিরুদ্ধে জয়ের ছন্দ ধরে রেখে পরের ম্যাচেও সাফল্য পাওয়াই এখন তরুণ ভারতীয় দলের লক্ষ্য।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: স্বপ্নের উড়ান, অদম্য লড়াই আর দুরন্ত ফুটবল—সব মিলিয়ে ভারতীয় ফুটবলে এক ঐতিহাসিক সকাল। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবে লাওসকে ৪-২ গোলে হারিয়ে নজির গড়ল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। এই জয়ের হাত ধরেই ফিফা বিশ্বকাপের কোনও প্রতিযোগিতায় প্রথমবার ম্যাচ জয়ের স্বাদ পেল ভারত। তরুণ ফুটবলারদের এই সাফল্যে নতুন করে আশার আলো দেখছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
২৪ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়েছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসব। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই লাওসের মুখোমুখি হয় ভারতের তরুণ ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের হাতে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রতিপক্ষের পাল্টা আক্রমণ সামলানোর পাশাপাশি গোলের সুযোগ তৈরি করতেও পিছপা হয়নি ব্লু কোল্টসরা।
ম্যাচের সপ্তম মিনিটেই অধিনায়ক ম্যাকডনিশ ঙাইরাংবাম গোল করে ভারতকে এগিয়ে দেন। প্রথম গোলের পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ভারতীয় দলের। মাত্র চার মিনিটের ব্যবধানে, ম্যাচের একাদশ মিনিটে, দ্বিতীয় গোলটি করেন আর লালরেমরুয়াতফেলা। তখন মনে হচ্ছিল, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে।
কিন্তু লাওসও সহজে হাল ছাড়েনি। দ্বাদশ মিনিটেই আনাভিন জাইয়াসোনের গোলে ব্যবধান কমায় তারা। এরপর ম্যাচের ২৪ মিনিটে সৌকসাভান সিলিসেংয়ের গোলে সমতা ফেরায় লাওস। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করেও ভেঙে পড়েনি ভারতের তরুণ দল। বরং সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্লু কোল্টসরা।
ম্যাচের ৩১ মিনিটে ফের গোল করে ভারতকে এগিয়ে দেন আর লালরেমরুয়াতফেলা। বাংলার সৌমজিৎ সরকারের দুরন্ত পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দূরের কোণ লক্ষ্য করে অসাধারণ শটে জালে বল জড়ান তিনি। তাঁর এই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
এর ঠিক দুই মিনিট পর, ম্যাচের ৩৩ মিনিটে, মাঝমাঠের কাছ থেকে দুরন্ত শটে গোল করেন বাংলার সৌমজিৎ সরকার। তাঁর এই চোখধাঁধানো গোলে ব্যবধান বেড়ে হয় ৪-২। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লেখায় ভারতের অনূর্ধ্ব-১৫ দল।
লাওসের বিরুদ্ধে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রুপ ‘কে’-তে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান শুরু করল ব্লু কোল্টসরা। তবে উদ্যাপনের সময় খুব বেশি নেই। আগামীকালই ক্যামেরুনের মুখোমুখি হবে ভারত। লাওসের বিরুদ্ধে জয়ের ছন্দ ধরে রেখে পরের ম্যাচেও সাফল্য পাওয়াই এখন তরুণ ভারতীয় দলের লক্ষ্য।








