“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব
তিনি বিশ্বাস করেন, এখনও কোহলি বড় ফরম্যাটের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন। বিশেষ করে এখনও কোহলির যা ফিটনেস আছে, তাতে টেস্টে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই তিনি মনে করেন। আগামি দিনে এই সিদ্ধান্তের জন্য কোহলিকে আফসোস করতে হবে, মত কপিলের।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিরাট কোহলির সিদ্ধান্ত নিয়ে বিরাট মন্তব্য করলেন কপিল দেব। সোজাসাপ্টাভাবে জানিয়ে দিলেন এই সিদ্ধান্তের জন্য ১০ বছর পর অনুশোচনা করবেন কোহলি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল বলেন, টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন বিরাট কোহলি। তিনি বিশ্বাস করেন, এখনও কোহলি বড় ফরম্যাটের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন। বিশেষ করে এখনও কোহলির যা ফিটনেস আছে, তাতে টেস্টে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই তিনি মনে করেন। আগামি দিনে এই সিদ্ধান্তের জন্য কোহলিকে আফসোস করতে হবে, মত কপিলের।
২০২৫-এর ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিরাট। তিনি শেষ টেস্ট খেলেন ২০২৫-এর ৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোহলি মোট ১২৩টি টেস্ট খেলে করেছেন ৯২৩০ রান। টেস্টে তাঁর গড় ৪৬.৮৫। কপিলের মতে কোহলির ফিটনেস এখনও যে কোনও ক্রিকেটারের থেকে ভালো। তাঁর উচিত হয়নি টেস্ট থেকে সরে যাওয়া। কপিলের ব্যাখ্যা, কোহলির এখনও ২৫ বছরের ক্রিকেটারের মত ফিটনেসে। এই জায়গায় কোহলি যে কোনও ক্রিকেটারকে চ্যালেঞ্জ জানাতে পারেন বলেই তিনি মনে করেন।
মহিন্দর অমরনাথের উদাহরণ তুলে ধরে কপিল বলেন , অমরনাথ বারবার দল থেকে পড়েছেন। কিন্তু বারবার ফিরে এসে অনেককে ভুল প্রমাণ করে দিয়েছেন। কোহলিরও সেই পথ অনুসরণ করা উচিত ছিল বলে জানান কপিল।
