আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু
৩৩ বছর বয়সী লুকাকু ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন

এক্সট্রা টাইম নিউজডেস্ক: বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে ৯৪টি গোল করার অসাধারণ রেকর্ড নিয়ে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন—যা তাকে পুরুষ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে বসিয়েছে।
৩৩ বছর বয়সী লুকাকু ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, জাতীয় দলের হয়ে ১৬ বছরের দীর্ঘ যাত্রায় তিনি “সম্ভাব্য সব ধরনের আবেগ” অনুভব করেছেন। এই সময়ে তিনি ১৩৫টি ম্যাচ খেলেছেন এবং চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি লিখেছেন, “এখানেই থেমে যাওয়ার সিদ্ধান্তে আমি মানসিকভাবে শান্ত ও তৃপ্ত। সময়টা ছিল চমৎকার, আনন্দদায়ক। আমি কৃতজ্ঞ।”
লুকাকু ক্লাব পর্যায়ে ফুটবল খেলা চালিয়ে যাবেন। গত গ্রীষ্মে নাপোলি থেকে তিনি ফেনারবাচে ক্লাবে যোগ দিয়েছিলেন।
বেলজিয়াম ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “তার ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ, নিষ্ঠা এবং জাতীয় দলের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি ‘বেলজিয়ান রেড ডেভিলস’-এর ইতিহাসে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।”
“মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা পর্যন্ত—তার এই পুরো যাত্রা অগণিত তরুণ ফুটবলার এবং শিশুদের জন্য অনুপ্রেরণার এক বিশাল উৎস হয়ে থাকবে, যারা একদিন বেলজিয়ামের জার্সি পরার স্বপ্ন দেখে।”
৯৪টি গোল নিয়ে রোমেলু লুকাকু বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তার চেয়ে এগিয়ে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৬ গোল), লিওনেল মেসি (১২৬ গোল), ইরানের আলী দাই (১০৮ গোল) এবং ভারতের সুনীল ছেত্রী (৯৫ গোল)।
