অভিশপ্ত মিগুয়েল দুর্ঘটনা : ১২ ম্যাচ নির্বাসিত আন্ডোরার গোলরক্ষক ওবোনো
এফসি আন্ডোরা ও টেনেরিফের মধ্যে ম্যাচে সংঘর্ষ হয় টেনেরিফের ফুটবলার হেসাস ডি মিগুয়েল ও আন্ডোরার গোলরক্ষক হেসাস ওবোনোর মধ্যে। মাঝমাঠ থেকে আসা একটি বলের জন্য ঝাঁপান মিগুয়েল এবং আন্ডোরা গোলরক্ষক ওবোনো। ওবোনোর বাড়ানো পা সরাসরি লাগে মিগুয়েলের বুকে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অভিশপ্ত মিগুয়েল কাণ্ডে ১২ ম্যাচ নির্বাসিত হলেন আন্ডোরার গোলরক্ষক হেসাস ওবোনো। গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। এফসি আন্ডোরা ও টেনেরিফের মধ্যে ম্যাচে সংঘর্ষ হয় টেনেরিফের ফুটবলার হেসাস ডি মিগুয়েল ও আন্ডোরার গোলরক্ষক হেসাস ওবোনোর মধ্যে। মাঝমাঠ থেকে আসা একটি বলের জন্য ঝাঁপান মিগুয়েল এবং আন্ডোরা গোলরক্ষক ওবোনো। ওবোনোর বাড়ানো পা সরাসরি লাগে মিগুয়েলের বুকে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এই ঘটনার পর ওবোনোকে লাল কার্ড দেখানো হয় এবং ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঘটনার ১০ দিন পরে ১৩ নভেম্বর ওবোনোকে নির্বাসনের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এটিই শৃঙ্খলাভঙ্গের জন্য সর্বোচ্চ শাস্তি। তবে যদিও ফৌজদারি তদন্ত চলছে। তার পরে আরও শাস্তি হতে পারে ওবোনোর।
ওই অভিশপ্ত ঘটনার পর থেকে অনুশীলনে আসেননি ওবোনো। খুবই ভেঙে পড়েছেন। তিনি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। কথা বলার ভাষা নেই। যা ঘটেছে, তাকে ব্যাখ্যা করার ভাষা নেই। হেসাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন। আমি জানি এখন অনেক কিছুই উঠে আসবে। আমি সব কিছুর সামনে সততার সঙ্গে দাঁড়াবো। তবে এখন শুধু হেসাসকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। তুমি শান্তি পাও হেসাস।“
