রিফিউজি ক্যাম্প থেকে বিশ্বকাপের নায়ক! অস্ট্রেলিয়ার ইরানকুন্ডার লড়াই চোখে জল আনবে
তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি করে ইতিহাস গড়লেন নেস্টোরি ইরানকুন্ডা।

অস্ট্রেলিয়া- ২ তুরস্ক-০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি করে ইতিহাস গড়লেন নেস্টোরি ইরানকুন্ডা। মাত্র ২০ বছর বয়সে তিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন।
কিন্তু এই সাফল্যের শুরুটা ছিল এক রিফিউজি ক্যাম্পে। ২০০৬ সালে তানজানিয়ার কিগোমার একটি রিফিউজি ক্যাম্পে জন্ম নেন ইরানকুন্ডা। গৃহযুদ্ধের কারণে তাঁর বাবা-মা বুরুন্ডি ছেড়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। পরে পরিবারটি অস্ট্রেলিয়ায় চলে আসে এবং অ্যাডিলেডে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
ছোটবেলা থেকেই তাঁর গতি, শক্তি ও সাহসী খেলার ধরণ নজর কাড়ে। অ্যাডিলেড ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে উঠে এসে মাত্র ১৫ বছর বয়সে এ-লিগে অভিষেক করেন। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন এবং শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে যোগ দেন।
তুরস্কের বিরুদ্ধে ম্যাচের ২৭ মিনিটে নিজের প্রতিভার ঝলক দেখান তিনি। দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাকে ডিফেন্ডারদের পেছনে ফেলে দুর্দান্ত ফিনিশে বল জালে জড়ান।
রিফিউজি ক্যাম্পে জন্ম নেওয়া সেই শিশুই আজ বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে গোল করছেন। নেস্টোরি ইরানকুন্ডার গল্প প্রমাণ করে—স্বপ্ন যদি বড় হয়, তাহলে কোনো বাধাই শেষ কথা নয়।








