চার গোলে সৌদিবধ, ভুল শুধরে ঝলমলে স্পেন
কেপ ভার্দের বিরুদ্ধে যে ভুল করেছিল, সৌদির বিরুদ্ধে সেই ভুল আর করেনি স্পেন। ফলে ৪-০ গোলে দুরমুশ করল সৌদি আরবকে। এবারের বিশ্বকাপে প্রথম জয় ঝলমলে স্প্যানিশ আর্মাডার।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কেপ ভার্দের বিরুদ্ধে যে ভুল করেছিল, সৌদির বিরুদ্ধে সেই ভুল আর করেনি স্পেন। ফলে ৪-০ গোলে দুরমুশ করল সৌদি আরবকে। এবারের বিশ্বকাপে প্রথম জয় ঝলমলে স্প্যানিশ আর্মাডার।
এদিন দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন ফুয়েন্তে। খেলাতেও পরিবর্তন। আগের ম্যাচে কেপ ভার্দে ১০ জনে ডিফেন্স করে পেনিট্রেটিভ জোন বন্ধ করে দিয়েছিল। স্পেনও মাঝখান দিয়ে বারবার ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। খেলাটাকে স্ট্রেচ করতে পারেনি। এদিন কিন্তু সেই ভুল আর করল না। শুরু থেকেই দুটো উইংয়ে দু তিনজন গিয়ে মাঠটাকে বড় করে খেলাটা ছড়াতে লাগল। তাই গোলমুখে অনেক ফাঁকা জায়গা পাওয়া গেল। তাতেই পরপর গোল।
ইয়ামলকে শুরু থেকেই নামিয়ে ছিলেন। একটা অর্ধ খেললেন, তবে বোঝা গেল তিনি পুরোপুরি ফিট নন। তবে মাঝমাঠে ওলমো এবং উইংয়ে ওয়ারজাবলের দাপটে শুরুতেই গোল।
বাঁদিক থেকে গড়ানে মাইনাস করেছিলেন ওয়ারজাবল। ঝাঁপিয়ে পা ছুঁইয়ে বিশ্বকাপে তার প্রথম গোলটি করেন ইয়ামল। এরপর ওয়ারজাবলের পরপর দুটি গোল। প্রতিপক্ষ ডিফেন্ডারের পা থেকে ছোঁ মেরে বল কেড়ে নিয়া নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন। পরের গোলটি একেবারে স্প্যানিশ ঘরানার। বক্সের মধ্যে কুকুরেলা বল তুলে দেন ওলমোর মাথায়। সেখান থেকে বল পেয়ে গোল ওয়ারজাবলের। এরপরই তাঁর দুরন্ত প্লেসিং ক্রসবারে লেগে বেরিয়ে যায়। নাহলে হয়ত হ্যাটট্রিক পেয়ে যেতেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে স্পেন। কুকুরেলার শট গোলরক্ষক ফেরালে ফিরতা বল আল তামবাকতির পায়ে লেগে গোলে ঢুকে যায়।
প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করতে হয়েছিল। এদিন পরিস্থিতি ঘুরিয়ে স্বস্তি ফিরল স্পেন শিবিরে, সেই কথাটাই জানিয়ে গেলেন ওয়ারজাবল।








