বাঁচালেন উনদাভ, আইভরি কোস্টকে হারিয়ে নক আউটে, ডুবতে ডুবতে ভেসে উঠল জার্মানি
জার্মানিকে নাজেহাল করে প্রথমার্ধেই এগিয়ে যায় আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার ডেনিজ উনদাভের জোড়া গোলে ডুবতে ডুবতে শেষ মুহূর্তে ভেসে উঠে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল জার্মানি। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবার নক আউটের টিকিট পেল জার্মানরা।

এক্সট্রাইম ওয়েব ডেস্ক: ধারে নয়, ভারে কাটল জার্মানি।আইভরি কোস্টের উজ্জীবিত, আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রায় ডুবতে বসেছিল নাগলসম্যানের দল। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে জয়সূচক গোল পেয়ে স্বস্তি ফিরল চারবারের চ্যাম্পিয়নদের।
জার্মানিকে নাজেহাল করে প্রথমার্ধেই এগিয়ে যায় আইভরি কোস্ট। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার ডেনিজ উনদাভের জোড়া গোলে ডুবতে ডুবতে শেষ মুহূর্তে ভেসে উঠে বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেল জার্মানি। গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবার নক আউটের টিকিট পেল জার্মানরা।
ম্যাচের ৩০ মিনিটে আইভরি কোস্টকে এগিয়ে দেন অধিনায়ক ফ্রাঙ্ক কেসি। হাইড্রেশন বিরতির পরপরই কেসির গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। অন্যদিকে জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজও একটি গোল করলেও সেটি ফাউলের কারণে বাতিল ঘোষণা করা হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ। ম্যাচের মাঝামাঝি সময়ে দুর্দান্ত এক ভলিতে সমতা ফেরান তিনি। এরপর জয়ের লক্ষ্যে একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মানি।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আবারও উনদাভই নায়ক হয়ে ওঠেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে পাঠিয়ে ২-১ ব্যবধানে জার্মানির জয় নিশ্চিত করেন তিনি।
কেনাও রকমে জিতলেও গোটা ম্যাচেই ম্যাড়ম্যাড়ে জার্মানি। বরং অনেক ভাল ফুটবল উপহার দিল আইভরি কোস্ট। শেষ মুহূর্তেও সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল তারা ঘুরিয়ে দিতে পারত। কিন্ত জোড়া গোল করে জার্মানদের পরিত্রাতা হয়ে গেলেন উনদাভ।
দুই ম্যাচ শেষে গ্রুপ ‘ই’-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি এবং তারা ইতোমধ্যেই শেষ ৩২-এ নিজেদের জায়গা পাকা করেছে। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখনও লড়াইয়ে টিকে আছে আইভরি কোস্ট। গ্রুপের অন্য দুই দল ইকুয়েডর ও কুরাসাও।