পা ভাঙার পর ইসমাইল কোনের মুখে সবুজ বাঁশি! কী বিশেষত্ব এই বাঁশির? জানুন বিস্তারিত
বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে কাতারের বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ের ফলে কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও, সেই জয়টি তাদের জন্য এক মর্মান্তিক অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। এই ম্যাচে তাদের মিডফিল্ডার ইসমায়েল কোনে ভয়াবহ চোট পান এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যান।

এক্সট্রাটাইম নিউজডেস্ক: বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে কাতারের বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ের ফলে কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও, সেই জয়টি তাদের জন্য এক মর্মান্তিক অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। এই ম্যাচে তাদের মিডফিল্ডার ইসমায়েল কোনে ভয়াবহ চোট পান এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
কাতারের বিপক্ষে ম্যাচের সময় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় কানাডিয়ান এই মিডফিল্ডারকে। একটি ছোট সবুজ যন্ত্রের সাহায্যে শ্বাস নিতে দেখা যায়; সেই দৃশ্য দেখে অনেকই ভক্তই কৌতূহলী হয়ে ওঠেন যে আসলে ওটা কী ছিল।
কানাডা দলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওই ইনহেলারটি ছিল 'পেনথ্রক্স' (Penthrox)—যা 'মেথোক্সিফ্লুরেন' (methoxyflurane) নামেও পরিচিত। এটি একটি দ্রুত-কার্যকরী ও নন-ওপিওড ব্যথানাশক ওষুধ, যা স্বল্পমেয়াদী ব্যথা উপশমের জন্য রোগী নিজেই ব্যবহার করতে পারেন। এটি সাধারণত "গ্রিন হুইসেল" (green whistle) বা "সবুজ বাঁশি" নামে পরিচিত।
কাতারের বিপক্ষে ম্যাচে পায়ের নিচের অংশের হাড় (টিবিয়া ও ফিবুলা) ভেঙে যাওয়ার পর কোনের ওই যন্ত্রটির প্রয়োজন হয়েছিল; পরে তার অস্ত্রোপচারও করা হয়। এতে মেথোক্সিফ্লুরেন নামক একটি অ্যানেস্থেটিক বা চেতনানাশক উপাদান থাকে, যা মাত্র ৬ থেকে ১০ বার শ্বাস নেওয়ার পরেই কাজ শুরু করে। এটি 'লাফিং গ্যাস'-এর মতো অনুভূতি তৈরি করে এবং রোগীকে পুরোপুরি অচেতন না করেই ব্যথার তীব্রতা কমিয়ে দেয়।
এটি রোগী নিজেই ব্যবহার করেন, অর্থাৎ যন্ত্রটি ধরে রাখার মতো যথেষ্ট সচেতনতা ও সতর্কতা রোগীর থাকা প্রয়োজন। রোগী শ্বাস নেওয়া বন্ধ করলেই ওষুধের প্রভাব দ্রুত কেটে যায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মতো দেশগুলোতে এটি অত্যন্ত জনপ্রিয় হলেও, যুক্তরাষ্ট্রে এটি ব্যবহারের অনুমোদন নেই।
সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা মনে করছেন, ইসমায়েল কোনেকে সম্ভবত ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। যদিও ২০২৬ ফিফা বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে, তবুও অর্থোপেডিক সার্জনরা জোর দিয়ে বলেছেন যে এই চোট তার খেলোয়াড়ি জীবনের জন্য হুমকিস্বরূপ নয় এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
(ছবি সৌজন্যে: কনকাকাফ/টুইটার)








