অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপে ভারতের গ্রুপে মালয়েশিয়া, সিঙ্গাপুর, প্যালেস্তাইন ও গুয়াম
ভারতের প্রথম খেলা ১১ নভেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে। পরের ম্যাচ ১৪ নভেম্বর গুয়ামের বিরুদ্ধে। ১৭ নভেম্বর প্যালেস্তাইনের বিরুদ্ধে ও ২০ নভেম্বর আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের ই গ্রুপে আছে ভারত। এই গ্রুপে ভারেতর সঙ্গে রয়েছে মালয়েশিয়া, প্যালেস্তাইন, সিঙ্গাপুর ও গুয়াম। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে গ্রুপ বিন্যাস হয়ে গেল।
নভেম্বরের ১১ থেকে ২০ তারিখ পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। সিঙ্গল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে খেলা। ই গ্রুপের সব খেলাই মালয়েশিয়ায়। ভারতের প্রথম খেলা ১১ নভেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে। পরের ম্যাচ ১৪ নভেম্বর গুয়ামের বিরুদ্ধে। ১৭ নভেম্বর প্যালেস্তাইনের বিরুদ্ধে ও ২০ নভেম্বর আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।
৩৫টি দলকে ৭টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের বিজয়ী দল খেলবে মূল পর্বে। ২০২৭-এর ১২ মে থেকে ২৯ মে পর্যন্ত উজবেকিস্তানে হবে মূল পর্বের খেলা। ভারতের লক্ষ্য পরপর দুবার মূলপর্বে ওঠা এবং মোট এগারোবার মূল পর্বের যোগ্যতা অর্জন করা।








