ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিই আগে: বড় সিদ্ধান্ত স্যান্টনারের
বর্তমানে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি ক্রিকেটারদের সামনে বড় আর্থিক সুযোগ এনে দিচ্ছে। তার মধ্যেও স্যান্টনারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁর অঙ্গীকারেরই প্রমাণ। অর্থের চেয়ে দেশের হয়ে খেলা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দিয়ে বিবিএল -এর প্রস্তাব ফিরিয়ে দিলেন নিউজিল্যান্ডের ওডিআই ও টি -২০ দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। জানা গিয়েছে, বিগ ব্যাশ লিগের জনপ্রিয় দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছ থেকে দুই বছরের একটি আকর্ষণীয় চুক্তির প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব গ্রহণ না করে নিউজিল্যান্ডের হয়ে আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলিতে নিজেকে সম্পূর্ণভাবে উপলব্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্যান্টনার।
সামনেই নিউজিল্যান্ডের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সাদা বলের ম্যাচের পাশাপাশি টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এমন গুরুত্বপূর্ণ সূচির কথা মাথায় রেখেই বিবিএল -এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্যান্টনার।
ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজই তাঁর সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে নিজের জায়গা আরও শক্ত করার লক্ষ্যে অবিচল তিনি । তাই আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টায় দলের সঙ্গে থাকা এবং নিজের টেস্ট কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার। ফলে জাতীয় দলের প্রতি তাঁর দায়িত্ব আরও বেড়েছে। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি লাল বলের ক্রিকেটেও নিজেকে ধরে রাখতে চান স্যান্টনার।
বর্তমানে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি ক্রিকেটারদের সামনে বড় আর্থিক সুযোগ এনে দিচ্ছে। তার মধ্যেও স্যান্টনারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁর অঙ্গীকারেরই প্রমাণ। অর্থের চেয়ে দেশের হয়ে খেলা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।
ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজের আগে স্যান্টনারের এই সিদ্ধান্ত নিউজিল্যান্ডের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী মরশুমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
