ওষুধ ব্যবহারে বিধিভঙ্গ, দুই ম্যাচে নির্বাসিত অজি পেসার মেগান শাট
ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘনের কারণে দুই ম্যাচের জন্য নির্বাসিত হলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মহিলা পেসার মেগান শুট। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শাস্তির ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সি এই অজি ক্রিকেটার। পাশাপাশি মহিলাদের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচেও মাঠে নামা হবে না তাঁর।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ওষুধ ব্যবহারের নিয়ম লঙ্ঘনের কারণে দুই ম্যাচের জন্য নির্বাসিত হলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মহিলা পেসার মেগান শাট। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শাস্তির ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সি এই অজি ক্রিকেটার। পাশাপাশি মহিলাদের বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচেও মাঠে নামা হবে না তাঁর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহৃত ওষুধ সংক্রান্ত বিধি মেনে চলার ক্ষেত্রে গাফিলতি করেছিলেন শাট। সংস্থার ক্রীড়াবিজ্ঞান ও ক্রীড়া চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করে দিয়েছে, এই ঘটনা প্রতিযোগিতার বাইরে ঘটেছে এবং এর সঙ্গে কোনওভাবেই নিষিদ্ধ উপায়ে খেলার পারফরম্যান্স বাড়ানোর বিষয়টি জড়িত নয়।
বৃহস্পতিবার নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না শাট। এরপর ৩১ অক্টোবর মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচেও অনুপস্থিত থাকবেন তিনি।
নিজের শাস্তি মেনে নিয়েছেন শাট। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে প্রত্যাশিত নিয়ম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের নির্দেশিকা সম্পর্কে ক্রিকেটারদের নিয়মিত সচেতন করা হয়। তাই সেগুলি মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে তাঁর নিজের।
উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক একদিনের আন্তর্জাতিক সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন শুট। মাত্র ৭.১ গড়ে ১০টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি।
এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুটের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, বিগ ব্যাশ লিগের শুরুতেই অভিজ্ঞ এই পেসারকে না পাওয়া অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছেও বড় ধাক্কা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শাটকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। একই সঙ্গে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের নিয়ম মেনে চলার দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।








