বিশ্বকাপের নক আউটের আগেই সোনার বুট পেলেন রোনাল্ড!
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নতুন চমক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে নয়, এবার আলোচনার কেন্দ্রে তাঁর নতুন সোনালি ফুটবল বুট।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নতুন চমক দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে নয়, এবার আলোচনার কেন্দ্রে তাঁর নতুন সোনালি ফুটবল বুট।
পর্তুগাল দলের অনুশীলনে রোনাল্ডোর পায়ে দেখা গেছে বিশেষ সংস্করণের গোল্ড মারকিউরিয়াল সুপারফ্লাই আরজিএন বুট। মার্কিন ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকি এই বিশেষ বুট বাজারে এনেছে। নাইকির সঙ্গে আজীবন চুক্তিবদ্ধ রোনাল্ডো গ্রুপ পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচেই এই নতুন বুট পরে মাঠে নামতে পারেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
সোনালি ও সাদা রঙের আকর্ষণীয় সংমিশ্রণে তৈরি এই বুটে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ৩/৪ দৈর্ঘ্যের এয়ার জুম ইউনিট, পায়ের অতিরিক্ত সাপোর্টের জন্য ফ্লাইওয়্যার প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণ আরও নিখুঁত করতে নরম আপার ব্যবহার করা হয়েছে।
তবে শুধু ডিজাইন নয়, দামেও চমকে দিচ্ছে এই বিশেষ সংস্করণের বুট। আন্তর্জাতিক বাজারে এর মূল্য রাখা হয়েছে ৩০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ৩৪৩ টাকার সমান।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এই বুট বাজারে আসার ঠিক আগের দিনই উজবেকিস্তানের বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই সঙ্গেই গড়ে তোলেন এক অনন্য বিশ্বরেকর্ড—ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ফিফা বিশ্বকাপ আসরে গোল করার কীর্তি গড়েন পর্তুগিজ মহাতারকা।
এখন দেখার, নতুন এই সোনালি বুট পায়ে রোনাল্ডো বিশ্বকাপের মঞ্চে আরও কত নতুন ইতিহাস লিখতে পারেন।








