জীবনে কখনও ফুটবল খেলেননি, অথচ তাঁর কম্পিউটার ব্রেনেই আর্জেন্টিনার জয়জয়কার
ফুটবল মাঠে তিনি কখনও পেশাদার খেলোয়াড় ছিলেন না। বড় কোনো ক্লাবের জার্সিও গায়ে চাপাননি। তবু আজ আর্জেন্টিনা জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। পর্দার আড়ালে থাকা সেই মানুষটির নাম মাতিয়াস মান্না—যাঁর কম্পিউটার ব্রেন, ম্যাচ বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বদলে দিয়েছে আর্জেন্টিনার ফুটবলের ভাবনা।

ফুটবল মাঠে তিনি কখনও পেশাদার খেলোয়াড় ছিলেন না। বড় কোনো ক্লাবের জার্সিও গায়ে চাপাননি। তবু আজ আর্জেন্টিনা জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। পর্দার আড়ালে থাকা সেই মানুষটির নাম মাতিয়াস মান্না—যাঁর কম্পিউটার ব্রেন, ম্যাচ বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বদলে দিয়েছে আর্জেন্টিনার ফুটবলের ভাবনা।
২০০৬ সালে কোচিং শুরু করার আগে আর্জেন্টিনায় এসেছিলেন পেপ গার্দিওলা। সেখানেই এক অখ্যাত ফুটবল ব্লগারের সঙ্গে তাঁর দেখা। গার্দিওলা বলেছিলেন, "এক কাপ কফি খাওয়া যেতেই পারে।" সেই কফির আড্ডা গড়িয়েছিল টানা তিন ঘণ্টা। সেই ব্লগারই ছিলেন মাতিয়াস মান্না।
মান্নার গার্দিওলা-প্রেমের গল্পও যেন সিনেমার মতো। ছোটবেলায় পরিবারের সঙ্গে মাদ্রিদে বেড়াতে গিয়েছিলেন। সবাই ভেবেছিল রিয়াল মাদ্রিদের জার্সিই কিনবেন। কিন্তু তাঁর জন্য কেনা হয়েছিল বার্সেলোনার মিডফিল্ডার পেপ গার্দিওলার জার্সি। সেই জার্সিই তাঁকে গার্দিওলার দর্শনের ভক্ত বানিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, ২০০৫ সালে তিনি শুরু করেন একটি ব্লগ—'Paradigma Guardiola'। তখন ইউরোপে গ্রিস আর বিশ্বে ইতালির রক্ষণাত্মক ও শারীরিক শক্তিনির্ভর ফুটবলের জয়জয়কার। কিন্তু মান্না লিখতেন ঠিক উল্টো কথা। তাঁর বিশ্বাস ছিল, ফুটবলে শক্তির চেয়ে দক্ষতা ও বুদ্ধিমত্তাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
ব্লগটি খুব জনপ্রিয় ছিল না। কিন্তু ২০১২ সালে সেই লেখাগুলো নিয়েই বই প্রকাশের পর আর্জেন্টিনার ফুটবলমহলে পরিচিত হয়ে ওঠেন তিনি।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার সময় গার্দিওলা নিজে ফোন করে বলেছিলেন, "চলো, ইংল্যান্ড শাসন করি।" পৃথিবীর সেরা কোচের এমন ডাকও ফিরিয়ে দিয়েছিলেন মান্না। তাঁর একটাই স্বপ্ন—একদিন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কাজ করবেন।
দুই বছর পর সেই স্বপ্ন পূরণ হয়। ২০১৮ বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সাম্পাওলি বিদায় নেওয়ার পরও থেকে যান তিনি। কারণ দায়িত্ব নেন লিওনেল স্কালোনি, আর স্কালোনির আস্থার অন্যতম নাম হয়ে ওঠেন মাতিয়াস মান্না।
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ, ম্যাচ পরিকল্পনা, কৌশলগত পরামর্শ—সবকিছুর পাশাপাশি তাঁর সবচেয়ে বড় অবদান 'স্যান্ডবল'। বোর্ডে এঁকে ট্যাকটিক বোঝানোর বদলে তিনি তৈরি করেন ফিফা ভিডিও গেমের মতো একটি সিমুলেটর। জয়স্টিক হাতে নিয়েই খেলোয়াড়রা ম্যাচের কৌশল অনুশীলন করেন। মেসিসহ পুরো দল এই প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে।
২০২২ বিশ্বকাপ জয়ের পর যখন আর্জেন্টিনা ট্রফি হাতে উদযাপন করছিল, তখন চ্যাম্পিয়নদের মেডেল গলায় এক অচেনা মানুষকেও দেখা গিয়েছিল। তিনি কোনো ফুটবলার নন, বড় তারকাও নন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাফল্যের পেছনে তাঁর অবদান ছিল অসাধারণ।
মাতিয়াস মান্না প্রমাণ করে দিয়েছেন—ফুটবল শুধু পায়ে নয়, জেতা যায় মস্তিষ্ক দিয়েও।








