জার্মান শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকো শ্লটারবেক
জার্মানি দলের জন্য বিরাট দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক চোটের জন্য ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন তিনি।

·
· এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: জার্মানি দলের জন্য বিরাট দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক চোটের জন্য ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন তিনি। চলতি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। তাঁর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও জানিয়েছে, কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে শ্লটারবেককে।
· আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে চোট পান শ্লটারবেক। প্রতিপক্ষ খেলোয়াড় আমাদ দিয়ালোর সঙ্গে সংঘর্ষে চোট লাগার পরও অবশ্য প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত তিনি মাঠে ছিলেন, তাঁর এই মানসিকতার ভূয়সী প্রশংসা করেন জার্মানির কোচ নাগলসম্যান।
· ম্যাচের পরই নাগলসমান বলেছিলেন, “এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, তবে দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। তবে যেভাবে ও হাফটাইম পর্যন্ত লড়াই করে গেছে, তা সত্যিই প্রশংসনীয়। দলের জন্য নিজের সর্বস্ব দিতেও তৈরি ছিল।”
· রবিবার তাঁর চোট পরীক্ষার পর আশঙ্কাই সত্যি হয়।নিশ্চিত করা হয়েছে যে শ্লটারবেকের লিগামেন্টে গুরুতর চোট লেগেছে। ফলে তিনি বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না। তবে তিনি যুক্তরাষ্ট্রে জার্মান দলের সঙ্গেই থাকবেন।
· এই ধাক্কার পর নাগলসমান বলেন, “মাঠে আমরা ‘শ্লোটি’কে ভীষণভাবে মিস করব। ও একজন অসাধারণ ডিফেন্ডার, বিশেষ করে বল বিল্ড-আপে ওর দারুণ দক্ষতা রয়েছে। এই বিশ্বকাপ ওর জন্য বিশেষ কিছু হতে পারত। আমরা সবাই ওকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছি। তবে ও খুবই ইতিবাচক মানসিকতার মানুষ।”
· জার্মান কোচ আরও যোগ করেন, “শ্লোটি দলের সঙ্গে থেকে যাবে, যা অবশ্য ইতিবাচক ব্যাপার। মাঠের বাইরেও ওর প্রভাব রয়েছে। তার অনুপস্থিতিতেও আমাদের রক্ষণভাগে জোনাথন তাহ, আন্তোনিও রুডিগার, ভালদেমার আন্তন এবং মালিক থিয়াওয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে।”
· সে কারণেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে শ্লটারবেকের ছিটকে যাওয়া জার্মানির জন্য বড় ধাক্কা হলেও, তারা এখন বিকল্প ডিফেন্ডারদের ওপর ভরসা করেই টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।








