ঐতিহাসিক নিউজিল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, সামনে জোড়া পরীক্ষা
ঐতিহাসিক সফরের শুরু। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে পা রাখল ভারতীয় পুরুষ ফুটবল দল। নভেম্বরের আন্তর্জাতিক সূচিতে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সোমবার রাতে অকল্যান্ডে পৌঁছল নীল বাঘেরা।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ঐতিহাসিক সফরের শুরু। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে পা রাখল ভারতীয় পুরুষ ফুটবল দল। নভেম্বরের আন্তর্জাতিক সূচিতে আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সোমবার রাতে অকল্যান্ডে পৌঁছল নীল বাঘেরা।
৮ নভেম্বর বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। কুয়ালালামপুর হয়ে দীর্ঘ বিমানযাত্রার পর স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ অকল্যান্ডে পৌঁছন দলের ফুটবলাররা। দীর্ঘ সফরের ধকল থাকলেও নতুন পরিবেশে পৌঁছে দলের সদস্যদের মধ্যে ছিল যথেষ্ট উদ্দীপনা।
ভারতীয় ফুটবলের ইতিহাসে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশের সিনিয়র জাতীয় ফুটবল দল এই প্রথম নিউজিল্যান্ড সফরে এসেছে। ‘আওটিয়ারোয়া’ নামেও পরিচিত নিউজিল্যান্ডে ঘরের মাঠের সুবিধা ছাড়াই দুটি ম্যাচ খেলতে হবে ভারতকে। ফলে দুই ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে নীল বাঘেরা।
ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক খালিদ জামিল জানিয়েছেন, দীর্ঘ যাত্রার পরও দলের ফুটবলাররা ভালো রয়েছেন এবং আবহাওয়া তাঁদের প্রস্তুতিতে কোনও প্রভাব ফেলবে না।
“বিমানযাত্রা ভালো হয়েছে এবং ফুটবলাররা ফিট ও প্রস্তুত। আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। ভারতীয় দল এই প্রথম নিউজিল্যান্ডে এসেছে, তাই এটি আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। আমরা ম্যাচগুলির জন্য মুখিয়ে আছি,” বলেছেন জামিল।
নিউজিল্যান্ডে পৌঁছনোর পর শরীরচর্চার মাধ্যমে প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। এরপর নর্থ হারবার স্টেডিয়ামে সন্ধ্যার অনুশীলন হবে। বুধবার গো মিডিয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারবে দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে মাত্র দু’বার মুখোমুখি হয়েছে ভারত। ১৯৮১ সালের মেরডেকা প্রতিযোগিতায় প্রথম সাক্ষাৎ গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ২০১৮ সালের আন্তর্মহাদেশীয় কাপে মুম্বইয়ে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ড।
১২ নভেম্বর গো মিডিয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। এরপর ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে দুই দল। ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ।
ঐতিহাসিক এই সফরে নিউজিল্যান্ডে থাকা ভারতীয় সমর্থকদেরও মাঠে এসে দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামিল। নতুন দেশে নতুন পরীক্ষার সামনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল দলের লক্ষ্য এখন স্মরণীয়ভাবে এই সফর শুরু করা।








