০-৪ গোলে হার ভারতের, তবু ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা রাশিয়ার কোচের
একদিকে ০-৪ গোলে হার, অন্যদিকে তরুণ ভারতীয় ফুটবলারদের সম্ভাবনায় আশাবাদী প্রতিপক্ষের কোচ। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার রাশিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারলেও ভারতীয় মহিলা ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাশিয়ার কোচ ইউরি ক্রাসনোজান। তাঁর মতে, এই হার থেকেই ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার শিক্ষা নিতে পারে ভারত।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: একদিকে ০-৪ গোলে হার, অন্যদিকে তরুণ ভারতীয় ফুটবলারদের সম্ভাবনায় আশাবাদী প্রতিপক্ষের কোচ। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার রাশিয়ার কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারলেও ভারতীয় মহিলা ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রাশিয়ার কোচ ইউরি ক্রাসনোজান। তাঁর মতে, এই হার থেকেই ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার শিক্ষা নিতে পারে ভারত।
ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন রাশিয়ার কোচ। ম্যাচের দুই অর্ধে তাঁর দলের খেলার মানে স্পষ্ট পার্থক্য ছিল বলে স্বীকার করেছেন তিনি। প্রথমার্ধে বেশ কিছু সমস্যার মুখে পড়লেও বিরতির পর অনেক ভালো ফুটবল খেলেছে রাশিয়া।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ক্রাসনোজান বলেন, “৪-০ ব্যবধানের ফলে আমরা সন্তুষ্ট। কিন্তু দুই অর্ধে আমাদের খেলার মধ্যে পার্থক্য ছিল। প্রথমার্ধে শেষ পাঁচ থেকে সাত মিনিট বাদ দিলে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি।”
ম্যাচের শুরুতে সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিবেশ, বলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রতিপক্ষের খেলার ধরার বিষয়টি তুলে ধরেন রাশিয়ার কোচ। কলকাতার আর্দ্র আবহাওয়া ও বৃষ্টিও দুই দলের খেলায় প্রভাব ফেলেছিল বলে জানান তিনি। তবে ম্যাচ চলাকালীন তুলনামূলক ঠান্ডা পরিবেশ তাঁর দলের ফুটবলারদের মানিয়ে নিতে সাহায্য করেছে বলেও জানান ক্রাসনোজান।
ভারতে রাশিয়ার দলকে যে আতিথেয়তা দেওয়া হয়েছে, তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গ্যালারিতে দর্শকের সংখ্যা খুব বেশি না হলেও মাঠে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস তাঁর নজর কেড়েছে। দুই দলের ফুটবলারদের ভালো পারফরম্যান্সে দর্শকদের প্রতিক্রিয়াও তাঁর ভালো লেগেছে বলে জানান রাশিয়ার কোচ।
তবে ভারতীয় দলকে নিয়ে তাঁর বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তরুণ ফুটবলারদের সম্ভাবনা। ভারতীয় খেলোয়াড়দের গতি এবং দলের তারুণ্যকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। আগের সাক্ষাতের তুলনায় ভারতীয় দলে বেশ কয়েকটি নতুন মুখও তাঁর নজরে এসেছে। যা দলের মধ্যে পরিবর্তন এবং নতুন ফুটবলারদের উঠে আসার ইঙ্গিত দেয়।
শারীরিক শক্তির বিচারে রাশিয়া এগিয়ে থাকলেও শুধু ম্যাচের ফল দিয়ে ভারতীয় দলের অগ্রগতিকে বিচার করতে নারাজ ক্রাসনোজান। তাঁর মতে, এই হারও ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
রাশিয়ার কোচের কথায়, “আজ ওরা হেরেছে। কিন্তু ভবিষ্যতে আরও ভালো দল হয়ে ওঠার জন্য এই হার খুব গুরুত্বপূর্ণ।”
আগামী ১১ অক্টোবর ফের রাশিয়ার মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচের হার ভুলে তরুণ ফুটবলারদের সামনে নিজেদের মেলে ধরার আরও একটি সুযোগ থাকবে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই দ্বিতীয় ম্যাচে ফলের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের উন্নতির প্রমাণ দেওয়াও ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
