পরপর ম্যাচ, “চ্যাম্পিয়নদের কোনও অজুহাত থাকে না”, আল সিবের বিরুদ্ধে নামার আগে বলছেন ড্যানি র্যামিরেজ
একদিকে আইএসএল অন্যদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু। টাইট সিডিউল। পরপর খেলা। ঘনঘন যাতায়াত। কতটা সমস্যা হচ্ছে? সেটা নিয়েই কথা বললেন ইন্টার কাশি ম্যাচের চার স্কোরার। এএফসির ম্যাচে নামার আগে মাঝমাঠের হৃৎপিণ্ড ড্যানি র্যামিরেজ সরাসরি জানিয়ে দিলেন, চ্যাম্পিয়নদের কোনও অজুহাত থাকে না।

ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল এফসি
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
আইএসএলে দুর্দান্ত শুরু করেছে ইস্টবেঙ্গল। চার্চিলকে ৪-০ ও ইন্টার কাশিকে ৫-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে। এবার তাদের অন্য মিশন। আবার ফোকাস ঘুরে গেল এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে। মঙ্গলবার ওমানের মাটিতে তারা নামছে ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে।
একদিকে আইএসএল অন্যদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু। টাইট সিডিউল। পরপর খেলা। ঘনঘন যাতায়াত। কতটা সমস্যা হচ্ছে? সেটা নিয়েই কথা বললেন ইন্টার কাশি ম্যাচের চার স্কোরার। এএফসির ম্যাচে নামার আগে মাঝমাঠের হৃৎপিণ্ড ড্যানি র্যামিরেজ সরাসরি জানিয়ে দিলেন, চ্যাম্পিয়নদের কোনও অজুহাত থাকে না।
ড্যানি বলেন, “একতাই আমাদের এই দলটার শক্তি। সবাই দলের জন্য খেলছে। কোচ হাবাস ড্রেসিংরুমে দুর্দান্ত টিম স্পিরিট তৈরি করেছেন। এই মরসুমে এখনও পর্যন্ত চারবার দলের হয়ে প্রথম গোল করেছি। সিনিয়র ফুটবলার হিসাবে আমার দায়িত্ব সম্পর্কে আমি খুবই সিরিয়াস। মঙ্গলবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। কঠিন সিডিউল ঠিকই, কিন্তু চ্যাম্পিয়নদের কোনও অজুহাত থাকে না। আমাদের তিন পয়েন্ট চাই।“
পাশাপাশি পিভি বিষ্ণু বলেন, “আইএসএলে মরসুমে প্রথম গোল করার ব্যাপারটা দারুণ। কোচ হাবাস আমাকে নিজের খেলা খেলার স্বাধীনতা ও আত্মবিশ্বাস দিয়েছেন। এখন আমাদের ফোকাসে আল সিব। আশা করি প্রভাব ফেলতে পারব।“
ইন্টার কাশি ম্যাচে জোড়া গোল করেছিলেন আইভরি কোস্টের স্ট্রাইকার একে লোবা। তিনি জানান, “আমাকে শুরু থেকে খেলানোর জন্য আমি কোচ হাবাস ও ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। দলের পাঁচটি গোলের মধ্যে চারটির ক্ষেত্রেই অবদান রাখতে পেরেছি। চ্যাম্পিয়ন হিসাবে লিগে ভাল শুরু করা খুব গুরুত্বপূর্ণ। এসিএল টু-তে আমরা আগের দুটো ম্যাচ ভাল খেলেছিলাম কিন্তু জিততে পারিনি। ওমানের ক্লাবের বিরুদ্ধে আশা করি ভাল কিছুই হবে।“
এবং পোলিশ স্ট্রাইকার লুকাস জলিনস্কি। তিনিও গোল করেছিলেন ওই ম্যাচে। বলেন, “আমার গোলের জন্য ইকোনোমিডিসকে কৃতিত্ব দিতে হবে। দারুণ অ্যাসিস্ট করেছে।“ তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, মঙ্গলবার তাঁদের মাস্ট উইন ম্যাচ।








