ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে পানামার দলে ১৪ বিশ্বকাপার: ব্রাজিল - উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে বড় পরীক্ষায় ভারত
২০২৬ সালের বিশ্বকাপে খেলেছে পানামা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছে তারা। বিশ্বের প্রথম সারির ফুটবলারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা পানামার ফুটবলারদের আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা আরও বাড়িয়েছে।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ব্রাজিল উরুগুয়ে ম্যাচের আগেই ১৪ জন বিশ্বকাপারের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পানামার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা ১৪ জন ফুটবলার কে দলে রেখেছেন পানামা কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন। ফলে আগামী ম্যাচটি যে বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
২০২৬ সালের বিশ্বকাপে খেলেছে পানামা। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছে তারা। বিশ্বের প্রথম সারির ফুটবলারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা পানামার ফুটবলারদের আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা আরও বাড়িয়েছে।
২০২৬ বিশ্বকাপ খেলা পানামার অরল্যান্ডো মস্কেরা, সেসার ব্ল্যাকম্যান, জর্জ গুতিয়েরেস, আমির মুরিয়ো, আন্দ্রেস আন্দ্রাদে, হোসে কর্দোবা, জিওভানি রামোস, আদালবের্তো কারাসকিয়্যা, কার্লোস হার্ভে, ক্রিস্তিয়ান মার্তিনেস, হোসে লুইস রদ্রিগেস, আজারিয়াস লোন্দোনো, তোমাস রদ্রিগেস এবং হোসে ফাহার্দো আসছেন ভারতে।
এই ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন পানামার বাইরের ক্লাবেও খেলেন। তুরস্কের বেসিকতাসের হয়ে খেলেন আমির মুরিয়ো। ইংল্যান্ডের নরউইচ সিটির সদস্য হোসে কর্দোবা। মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলেন কার্লোস হার্ভে। মেক্সিকোর এফসি হুয়ারেসের হয়ে খেলেন হোসে লুইস রদ্রিগেস।
পানামার কোচ থমাস ক্রিশ্চিয়ানসেনের দলে এমন ছয় জন ফুটবলারও রয়েছেন, যাঁদের আন্তর্জাতিক অভিষেক এখনও হয়নি। এছাড়াও পানামার ঘরোয়া লিগে খেলা দুই ফুটবলার রয়েছেন দলে।
ভারতীয় দলের কাছে এই ম্যাচটি বিশ্বকাপ খেলা একটি দলের বিরুদ্ধে নিজেদের শক্তি ও সামর্থ্য যাচাই করার আরও একটি বড় সুযোগ। পানামার বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তাই ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে এই লড়াই ভারতীয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।








