ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন ৫ ই ডিসেম্বর, দায়িত্ব পেলেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব
ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় অলিম্পিক সংস্থার ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিষদের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হওয়ার মাত্র পাঁচ দিন আগে এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার শ্রীবাস্তব।
২০২৫ সালের জাতীয় ক্রীড়া সুশাসন আইন, ২০২৬ সালের সংশ্লিষ্ট বিধি, ভারতীয় অলিম্পিক সংস্থার সংবিধান এবং নির্বাচনী নিয়ম মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক শ্রীবাস্তব এর আগে দিল্লি ও চণ্ডীগড়ের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন। ভোটার তালিকা তৈরি, মনোনয়নপত্র যাচাই, ভোটগ্রহণ, গণনা এবং ফল ঘোষণার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর উপরেই থাকবে।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পাশাপাশি ক্রীড়াবিদ কমিশন এবং বিশেষ কৃতিত্বসম্পন্ন ক্রীড়াবিদদের তালিকা তৈরির প্রক্রিয়াও চলছে। যোগ্য ক্রীড়াবিদদের এই তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর। প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অক্টোবর।
অন্যদিকে, ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের ক্রীড়াবিদ কমিশনের নির্বাচন হবে আগামী ৩ নভেম্বর। এই কমিশনে থাকবেন মোট ১০ জন নির্বাচিত সদস্য পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা। যোগ্য জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে নিজেদের ক্রীড়াবিদ কমিশনের মাধ্যমে দু’জন করে ক্রীড়াবিদের নাম মনোনীত করতে বলা হয়েছে। মনোনয়নের শেষ সময় ১১ অক্টোবর দুপুর ২টো।
ক্রীড়াবিদ কমিশনের নির্বাচন আগে হওয়ায় নভেম্বর মাস থেকেই সংস্থার নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে। এরপর ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে গঠিত হবে সংস্থার নতুন কার্যনির্বাহী পরিষদ।
সংস্থার সভাপতি পি টি ঊষা জানিয়েছেন, এই নির্বাচন ভারতীয় অলিম্পিক আন্দোলনে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে ভারতের আলোচনা চলছে। সম্ভাব্য আয়োজক শহর হিসেবে আমদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে।
