আর্শদীপের পরিবর্তে কেনো হার্দিক? ১৮ কোটির বড় চালের নেপথ্য রহস্য ফাঁস নেস ওয়াদিয়ার!
ওয়াদিয়ার বক্তব্য, বারবার সাফল্যের এত কাছে পৌঁছেও খেতাব জিততে না পারার হতাশা থেকেই এবার বড় পরিবর্তনের পথে হেঁটেছে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বে ২০২৫ সালে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল পাঞ্জাব। ২০২৬ মরসুমেও শুরুটা বেশ ভালো করেছিল দল। কিন্তু প্রতিযোগিতার শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে তারা। ওয়াদিয়ার মতে, বড় ম্যাচে অভিজ্ঞতার অভাব এবং কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: দীর্ঘ আট বছর ধরে দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। পাঞ্জাবের ঘরের ছেলে আর্শদীপ সিংকে ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সমর্থকদের মনে। কেন এমন সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস? এবার সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করলেন দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া।
ওয়াদিয়ার বক্তব্য, বারবার সাফল্যের এত কাছে পৌঁছেও খেতাব জিততে না পারার হতাশা থেকেই এবার বড় পরিবর্তনের পথে হেঁটেছে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বে ২০২৫ সালে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল পাঞ্জাব। ২০২৬ মরসুমেও শুরুটা বেশ ভালো করেছিল দল। কিন্তু প্রতিযোগিতার শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে তারা। ওয়াদিয়ার মতে, বড় ম্যাচে অভিজ্ঞতার অভাব এবং কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ইংলিশ ফুটবলের ক্লাব আর্সেনালের সঙ্গে পাঞ্জাবের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন ওয়াদিয়া। তাঁর মতে, শিরোপা জয়ের ঠিক আগের মুহূর্তে থাকা সেই আর্সেনালের মতোই পাঞ্জাবও এখন সাফল্যের দোরগোড়ায়। দলকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছে দিতে প্রয়োজন ছিল এমন একজনের, যাঁর উপস্থিতি বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। আর সেই জায়গাতেই হার্দিক পাণ্ড্যকে আদর্শ মনে করেছেন পাঞ্জাব কর্তারা।
ইতিমধ্যেই পাঁচটি আইপিএল খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। বড় ম্যাচের চাপ সামলানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জেতানোর ক্ষমতা সব দিক থেকেই তাঁকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ওয়াদিয়া। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের শুরুর দিনগুলিতে রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতাও এই অদলবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দু'জনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াও যথেষ্ট ভালো।
মুম্বই ইন্ডিয়ান্স যখন আর্শদীপকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তখন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সরাসরি ১৮ কোটি টাকার বিনিময়ে অদলবদলের বিষয়টি চূড়ান্ত হয়। এই লেনদেনে অন্য কোনও ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ওয়াদিয়া।
তবে নিজের দলের ঘরের ছেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে কোনও আক্ষেপ নেই তাঁর। বরং দেশের অন্যতম সফল একটি দল আর্শদীপকে পাওয়ার জন্য এতটা আগ্রহ দেখানোয় গর্বিত পাঞ্জাব কর্ণধার। অন্যদিকে, হার্দিককে পেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরও শক্তিশালী হতে চাইছে পাঞ্জাব। শ্রেয়স আইয়ার ও রিকি পন্টিংয়ের সঙ্গে হার্দিকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বারবারের কাছাকাছি পৌঁছনোর গল্পকে চ্যাম্পিয়ন হওয়ার গল্পে বদলে ফেলাই লক্ষ্য পাঞ্জাব কিংসের।
