বাবা বীরেন্দর সেওয়াগকে কথা দিয়েছিলেন আর্যবীর, বড় শতরান করবেন
বলেন “আমার বাবা সবসময়ই বড় শতরান করতে চাইতেন। বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বড় শতরান করব। জানি তিনি বরাবরই শুধু বড় শতরানই পছন্দ করেন। কথা রাখতে পেরে আমি খুব খুশি।“

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
সেওয়াগ নামটাই জড়িয়ে আছে, ভয়ডরহীন ব্যাটিং ও বড় শতরানের সঙ্গে। আর্যবীর এর মধ্যেই সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জাগিয়ে তুলেছে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটার আর্যবীর সেওয়াগ জানিয়েছেন, তিনি বাবা বীরেন্দর সেওয়াগকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বড় শতরান করবেন। এশিয়া কাপে ম্যাচ উইনিং পারফরম্যান্সের মধ্যে দিয়ে সেই কাজটাই করে দেখালেন আর্যবীর।
আমিরশাহির বিরুদ্ধে ভারত ৫০ ওভারে যে ৭ উইকেটে ৩০৯ রান করল তার পিছনে সবচেয়ে বড় অবদান আর্যবীর সেওয়াগের। ১৬৮ বলে ১৬০ রান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি। ভারতকে ৭০ রানে জিতিয়ে ম্যাচের সেরার পুরষ্কার পেলেন তিনি।
ম্যাচের পর আর্যবীর বলেন, তাঁর পরিকল্পনা ছিল, উইকেটে সময় কাটানো এবং বড় ইনিংস খেলা। উইকেট সহজ ছিল না. টার্নিং উইকেটে ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি এবং বেশি ডট বল হতে দেননি। বলেন, “উইকেটে বল ঘুরছিল। আমি ঠিক করি অন্তত ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে. ডট বল নিয়ে ভাবিনি। জানতাম আমি পারব। এবং বড় রান করতে হবে.”
তারপরই এই শতরানের পিছনে কী ঘটনা আছে, সেটা তিনি প্রকাশ করেন। বলেন “আমার বাবা সবসময়ই বড় শতরান করতে চাইতেন। বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বড় শতরান করব। জানি তিনি বরাবরই শুধু বড় শতরানই পছন্দ করেন। কথা রাখতে পেরে আমি খুব খুশি।“
এভাবেই ভারতীয় ক্রিকেটের বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দর সেওয়াগের লেগাসিকে ভারতের জার্সিতে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করে দিলেন তাঁর পুত্র আর্যবীর সেওয়াগ.








