'এ বার সময় হয়েছে’, কোহলির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত কেনের!
কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে ক্রিকেট থেকে সরে আসার আগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের মনের মধ্যে যে দ্বিধা, সংশয় এবং আবেগ কাজ করে, তা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই উইলিয়ামসনের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভারতীয় তারকা। ক্রিকেটকে বিদায় জানানোর মতো কঠিন সিদ্ধান্তের পিছনে যে আবেগ এবং মানসিক লড়াই থাকে, তা নিয়েই দু’জনের মধ্যে খোলামেলা আলোচনা হয়।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হওয়া সত্ত্বেও ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। আর এমন কঠিন সময়ে মনের কথা বোঝার মতো কাউকে পাশে পাওয়াও জরুরি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের ক্ষেত্রে সেই মানুষটি ছিলেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলি।
চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ১৬ বছরের অধ্যায়ে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন উইলিয়ামসন। কোনও বিদায়ী ম্যাচের অপেক্ষা করেননি তিনি। এমনকী টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্যও অপেক্ষা করেননি। অথচ এই মাইলফলক ছোঁয়ার আগেই ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলিও।
সম্প্রতি ‘বিটুইন টু বিয়ার্স’ নামের এক পডকাস্টে নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন উইলিয়ামসন। তিনি জানিয়েছেন, অবসরের কথা ঘোষণা করার মাত্র ২৪ ঘণ্টা আগে বিরাট কোহলির সঙ্গে তাঁর দীর্ঘ ফোনালাপ হয়েছিল। আর সেই কথোপকথনই তাঁকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল।
উইলিয়ামসনের কথায়, কোহলির সঙ্গে কথা বলার অভিজ্ঞতা ছিল যেন নিজের প্রতিবিম্বের মুখোমুখি হওয়া। গত এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের হয়ে ক্রিকেট খেললেও তাঁদের জীবনের অনেক অভিজ্ঞতাই ছিল আশ্চর্যজনকভাবে এক। দু’জনেই দেশের প্রত্যাশার বিপুল চাপ সামলেছেন, দীর্ঘ সময় অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। এমনকী প্রায় একই সময়ে বাবা হওয়ার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তাঁরা।
কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে ক্রিকেট থেকে সরে আসার আগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের মনের মধ্যে যে দ্বিধা, সংশয় এবং আবেগ কাজ করে, তা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই উইলিয়ামসনের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ভারতীয় তারকা। ক্রিকেটকে বিদায় জানানোর মতো কঠিন সিদ্ধান্তের পিছনে যে আবেগ এবং মানসিক লড়াই থাকে, তা নিয়েই দু’জনের মধ্যে খোলামেলা আলোচনা হয়।
কোহলির সঙ্গে ফোনে কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই উইলিয়ামসনের হোটেলের ঘরে আসেন তাঁর স্ত্রী। ততক্ষণে মনের সমস্ত দ্বিধা কাটিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। স্ত্রীকে দেখেই তিনি শুধু দু’টি কথা বলেছিলেন “এ বার সময় হয়েছে।”
বর্তমানে পাঁচ ম্যাচের এক দিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নতুন জীবনে খুশি উইলিয়ামসন। দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটারের মধ্যে এক আন্তরিক ফোনালাপই যে এক ক্রিকেটজীবনের শেষ অধ্যায় লিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তা তাঁর এই স্বীকারোক্তিতেই স্পষ্ট।








