এশিয়ান কাপের লক্ষ্যে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের অভিযান শুরু, প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর
বুধবার, ১১ নভেম্বর থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারতের তরুণ ফুটবলাররা। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে গ্রুপ ‘ই’-এর এই ম্যাচ। ফ্যামটিভি মালয়েশিয়ার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এই লড়াই।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: বুধবার, ১১ নভেম্বর থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করতে চলেছে ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল দল। মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারতের তরুণ ফুটবলাররা। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে গ্রুপ ‘ই’-এর এই ম্যাচ। ফ্যামটিভি মালয়েশিয়ার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এই লড়াই।
টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে জায়গা করে নেওয়াই এখন ভারতের প্রধান লক্ষ্য। পাশাপাশি একাদশবারের মতো এই মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের হাতছানি রয়েছে ব্লু কোল্টসদের সামনে। তবে যোগ্যতা অর্জন পর্বে ভারতের লড়াই মোটেও সহজ হবে না। গ্রুপে রয়েছে আয়োজক দেশ মালয়েশিয়া, প্যালেস্টাইন, গুয়াম এবং সিঙ্গাপুর। পাঁচ দলের এই গ্রুপ থেকে মাত্র একটি দল মূল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। আগামী ১২ থেকে ২৯ মে উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ।
গ্রুপ ‘ই’-তে একমাত্র ভারতীয় দলই ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে অংশগ্রহণ করেছিল। যদিও সেই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।
নতুন প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর অধীনে যোগ্যতা অর্জন পর্বের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে ভারতীয় দল। গোয়ায় প্রায় এক মাসের শিবিরে একশোরও বেশি ফুটবলারকে পরখ করে দেখেন কোচ। এরপর সেরা ২৩ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠন করা হয়।
প্রস্তুতির অংশ হিসেবে মায়ানমার এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধেও মাঠে নেমেছিল ভারত। মায়ানমারের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় ভারত। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফুটবল খেলে ৪-১ গোলে জয় তুলে নেয় ওয়াডুর ছেলেরা।
যোগ্যতা অর্জন পর্বের আগে এই ম্যাচগুলি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করছেন প্রধান কোচ ওয়াডু। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করতে হলে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের পাশাপাশি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসও অত্যন্ত জরুরি। চাপের পরিস্থিতিতে নিজেদের দক্ষতার উপর বিশ্বাস রাখার বার্তাও দিয়েছেন তিনি।
অন্যদিকে, ইতিমধ্যেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে সিঙ্গাপুর। প্রথম ম্যাচেই গুয়ামকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে, আয়োজক মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে প্যালেস্টাইন।
সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর আগামী ১৪ নভেম্বর গুয়াম, ১৭ নভেম্বর প্যালেস্টাইন এবং ২০ নভেম্বর আয়োজক মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটাই মেহরাজউদ্দিন ওয়াডুর প্রথম যোগ্যতা অর্জন পর্বের অভিযান। তাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ তরুণ ফুটবলারদের নিয়ে ভারতকে উজবেকিস্তান ২০২৭-এর মূল প্রতিযোগিতায় পৌঁছে দেওয়া।








