আর্যবীর সেহবাগের শতরান, ভারতীয় অনূর্ধ্ব-১৯ রেকর্ডে নজির গড়লেন তরুণ ব্যাটার
মাসকটে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ১৬৮ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ১৭টি চার। যুব ওয়ানডেতে কোনও ভারতীয় ব্যাটারের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রান এটি।

এক্সট্রা টাইম নিউজডেস্ক: বাবার বিধ্বংসী ব্যাটিংয়ের কিছু ঝলক দেখালেন আর্যবীর সেহবাগ। মাসকটে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ১৬৮ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ১৭টি চার। যুব ওয়ানডেতে কোনও ভারতীয় ব্যাটারের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রান এটি।
২০১৭ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬০ রান করেছিলেন শুভমন গিল। ২০০৯ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই রান করেছিলেন ময়ঙ্ক আগরওয়াল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রয়েছে আম্বাতি রায়ডুর দখলে। ২০০২ সালে টনটনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১৭৭ রান করেছিলেন তিনি।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বৈভব সূর্যবংশী। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন তিনি। ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে করেছিলেন ১৭১ রান। যুব ওয়ানডেতে কোনও ভারতীয় ব্যাটারের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি রাজ বাওয়ার। ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি।
চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েছিলেন আর্যবীর। প্রতিযোগিতায় ১৫৩ রান করার পর সেই রেকর্ড নিজের নামে করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৬৮ বলে ১৬০ রানে আউট হন আর্যবীর। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ। একই সঙ্গে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটার হিসেবে নিজের পরিচিতিও আরও মজবুত করলেন তিনি।
তবে অনুপ্রেরণার জন্য শুধু কিংবদন্তি বাবার দিকেই তাকিয়ে থাকেন না আর্যবীর। বীরেন্দ্র সেহবাগ যেমন প্রথম বল থেকেই বোলারদের উপর চড়াও হতে পছন্দ করতেন, তেমনই আর্যবীরের ব্যাটিং দর্শনেও রয়েছে আগ্রাসন। প্রতিযোগিতার শুরুতে একটি ভিডিওতে তাঁকে তাঁর স্বাভাবিক ব্যাটিংয়ের ধরন এবং আক্রমণাত্মক মানসিকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তরুণ ব্যাটার জানান, তাঁর ক্রিকেটীয় দর্শনে মিশে রয়েছে ভারতের আরও এক কিংবদন্তির প্রভাব। বাবার নির্ভীক ব্যাটিংয়ের পাশাপাশি বিরাট কোহলির আগ্রাসনও তাঁকে অনুপ্রাণিত করে।
আর্যবীর বলেছিলেন, “১০০ শতাংশ। আমি আক্রমণাত্মক ব্যাটিং করতে এবং বোলারদের উপর চড়াও হতে ভালবাসি। আমি বিরাট কোহলির বিশাল ভক্ত। আমি আগ্রাসী মেজাজেই ক্রিকেট খেলতে চাই। শুধু সেহবাগের ধরন নয়, কোহলির ধরনও অনুসরণ করতে চাই। আমি ওঁর বড় ভক্ত। আমাদের বিরুদ্ধে যে দলই খেলতে আসুক, তাদের উপর আধিপত্য বিস্তার করতে চাই। দেশের হয়ে যতটা সম্ভব অবদান রাখতে চাই এবং ভারতের জন্য ম্যাচ জিততে চাই।”
সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগেও খেলেছেন আর্যবীর। এবার দেখার বিষয়, ২০২৭ সালের আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করেন কি না এই তরুণ ব্যাটার।








