শেষ হল এক বর্ণময় অধ্যায়, আইপিএলকে বিদায় জানালেন ধোনি
ধোনির বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেছেন, “মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না।” ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়াকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি শ্রীনিবাসনের কথায়, ধোনির প্রতি তাঁর অটুট বিশ্বাসের ভিত্তি শুধুমাত্র মাঠের সাফল্য বা ট্রফি নয়, বরং মানুষ হিসেবে ধোনির অসাধারণ ব্যক্তিত্ব।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: এক যুগের অবসান। আইপিএলের ক্রিকেটার হিসেবে নিজের দীর্ঘ বর্ণময় যাত্রায় ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আজ যেন আবেগের ভার আরও বেশি। থেমে গেল সেই পরিচিত হুইসল, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য স্মৃতি, আবেগ আর সাফল্যের কাহিনি। তবে ক্রিকেটার হিসেবে মাঠ ছাড়লেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির সম্পর্ক যে অটুট থাকছে, তা স্পষ্ট করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
দীর্ঘদিনের পায়ের পেশির চোটের কারণে ২০২৬ সালের আইপিএলের গোটা মরশুমেই মাঠের বাইরে ছিলেন ধোনি। তবুও শেষবারের মতো হলুদ জার্সিতে, সাত নম্বর জার্সি গায়ে চাপিয়ে প্রিয় থালাকে মাঠে নামতে দেখার আশায় বুক বেঁধেছিলেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। কিন্তু সেই আশা আর পূরণ হল না। শেষ ওভারে অবিশ্বাস্য সব ফিনিশ, উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্ষুরধার ক্রিকেটীয় বুদ্ধিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কিংবা তাঁর বিখ্যাত হেলিকপ্টার শট এসব আর আইপিএলের মঞ্চে দেখা যাবে না। তবে ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ২০২৭ সালের আইপিএল থেকে দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি। ডাগআউটে থেকেই আগামী প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবেন তিনি।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বেই ধীরে ধীরে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে চেন্নাই। পাঁচটি আইপিএল ট্রফি জয়ের পাশাপাশি অসংখ্য স্মৃতি, আবেগ এবং সাফল্যের সাক্ষী থেকেছে এই ধোনি-চেন্নাই জুটি। প্রায় দুই দশকের এই পথচলায় তিনি শুধু একজন অধিনায়ক ছিলেন না, হয়ে উঠেছিলেন চেন্নাইয়ের পরিচয়।
ধোনির বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেছেন, “মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না।” ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়াকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি শ্রীনিবাসনের কথায়, ধোনির প্রতি তাঁর অটুট বিশ্বাসের ভিত্তি শুধুমাত্র মাঠের সাফল্য বা ট্রফি নয়, বরং মানুষ হিসেবে ধোনির অসাধারণ ব্যক্তিত্ব।
ক্রিকেট বিশ্ব মিস করবে শেষ ওভারগুলিতে তাঁর শান্ত অথচ বিধ্বংসী ব্যাটিং, সেই অবিস্মরণীয় হেলিকপ্টার শট এবং উইকেটের পিছনে তাঁর অতুলনীয় উপস্থিতি। ২০০৮ সালে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে আইপিএলের যাত্রা শুরু করে ২০২৭ সালে মেন্টরের ভূমিকায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। ক্রিকেটার ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের হৃদয়ে থালার জায়গা যে চিরকাল অমলিন থাকবে, তা বলাই যায়। মাঠ থেকে ধোনিকে সরানো সম্ভব, কিন্তু চেন্নাইয়ের হৃদয় থেকে থালাকে কখনও মুছে ফেলা যাবে না।








