বাদ পড়ার হতাশা ভুলে নতুন উদ্যমে সূর্যকুমার, ব্যাটেই প্রত্যাবর্তনের বার্তা সূর্যর!
জাতীয় দলের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার হতাশাকে শক্তিতে বদলে ফেলেছেন সূর্যকুমার যাদব। সমালোচনা কিংবা দল থেকে বাদ পড়ার চাপ—কোনও কিছুই যে তাঁর আগ্রাসী ক্রিকেটের মানসিকতায় প্রভাব ফেলতে পারেনি, ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সেটাই বুঝিয়ে দিচ্ছেন মুম্বইয়ের অধিনায়ক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করছেন তিনি।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: জাতীয় দলের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার হতাশাকে শক্তিতে বদলে ফেলেছেন সূর্যকুমার যাদব। সমালোচনা কিংবা দল থেকে বাদ পড়ার চাপ—কোনও কিছুই যে তাঁর আগ্রাসী ক্রিকেটের মানসিকতায় প্রভাব ফেলতে পারেনি, ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সেটাই বুঝিয়ে দিচ্ছেন মুম্বইয়ের অধিনায়ক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করছেন তিনি।
এবারের প্রতিযোগিতায় হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেন সূর্য। গুজরাটের বিরুদ্ধে যেন আরও ভয়ংকর মেজাজে ধরা দিলেন তিনি। মাত্র ২৯ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেললেন SKY। তাঁর ইনিংসে ছিল সাতটি ছক্কা ও ন'টি চার। সূর্যর দাপটে ১৯৮ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারেই টপকে যায় মুম্বই।
তাঁর এই প্রত্যাবর্তনের লড়াইয়ে রয়েছে বলিউডের ছোঁয়াও। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবির একটি সংলাপ থেকেই যেন অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন তিনি। সূর্যর কথায়, “Selector jahan baitha hai, wahin maarna।” অর্থাৎ, নির্বাচক যেখানে বসে রয়েছেন, সেখানেই ছক্কা হাঁকাতে হবে! তবে শুধু নির্বাচকদের নজর কাড়াই তাঁর লক্ষ্য নয়। মুম্বইকে জেতানো এবং নিজের স্বাভাবিক আগ্রাসী ক্রিকেট ধরে রাখাই তাঁর প্রধান উদ্দেশ্য।
হায়দরাবাদের বিরুদ্ধে সূর্যর ইনিংসের সময় মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক শিবসুন্দর দাস। ফলে তাঁর পারফরম্যান্স যে নির্বাচকদের নজরে এসেছে, তা বলাই যায়। তবে সূর্য স্পষ্ট জানিয়েছেন, কাউকে বার্তা দেওয়ার জন্য নয়, নিজের ক্রিকেট উপভোগ করতেই মাঠে নামছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের বদলে যাওয়া চেহারা নিয়েও যথেষ্ট সচেতন SKY। তাঁর মতে, যখন দলগুলি ২৫০-২৬০ রানের লক্ষ্যে এগোচ্ছে, তখন পাওয়ার প্লের পরেও আগ্রাসন ধরে রাখা জরুরি। বিশেষ করে মাঝের ওভারগুলিতে শুধু উইকেট বাঁচিয়ে খেলা নয়, হিসেব কষে ঝুঁকি নিয়ে বাউন্ডারি ও ছক্কা হাঁটানোই আধুনিক টি-টোয়েন্টির দাবি।
জাতীয় দল থেকে বাদ পড়া সূর্যর কাছে এখন নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাট হাতেই নির্বাচকদের ভাবতে বাধ্য করছেন তিনি। তাঁর ব্যাটে স্পষ্ট, জাতীয় দলে ফেরার ক্ষুধা এখনও একটুও কমেনি।








