কুলদীপের ভেল্কি, গিল-কোহলির শতরান, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত
বল হাতে কুলদীপ যাদবের ভেল্কি এবং তারপর ব্যাট হাতে শুভমন গিল ও বিরাট কোহলির শতরান। নিট ফল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত। একই সঙ্গে সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান করলেন কোহলি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান গিল। দুর্দান্ত শুরু করে ক্যারিবিয়ানরা। জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভসের প্রথম উইকেটের জুটিতে ওঠে ১৩৫ রান। এক সময় তাদের রান ছিল ১ উইকেটে ১৭৬। সেখান থেকে কুলদীপের দাপটে মাত্র ৩৪ বলের মধ্যে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৮। ভারতীয় রিস্ট স্পিনার তাঁর কোটার ১০ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ক্ম্পবেল ৬২ ও গ্রেভস ১০১ রান করেন। এরপর একমাত্র আমির ৫৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ২৯৫ রানে থেমে যায় ক্যারিবিয়ান ইনিংস।
জবাবে গিল-কোহলির দাপটে ২ উইকেট হারিয়ে ৪১.৪ ওভারে ৩০০ রান তুলে সহজেই ম্যাচ জেতে ভারত। রোহিত শর্মা ও শুভমন গিল দারুণ শুরু করেন। রোহিত ৩২ রানে আউট হওয়ার পর গিল ও কোহলি জুটি বাঁধেন। ব্যক্তিগত ১১০ রানে গিল আউট হলেও ১৩৯ রান করে অপরাজিত থাকেন কোহলি। দুজনে মিলে জুটিতে যোগ করেন ১৫১ রান। দুর্দান্ত গিল, অসাধারণ কোহলি, তবু যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন, সে কারণে ম্যাচের সেরা কুলদীপ যাদব।