ফুটবলারদের ফর্মের শীর্ষে রাখাই কোচের কাজ, জানিয়ে দিলেন হাবাস
আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচে ইন্টার কাশিকে ৫-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। তবে এটাও ঠিক যে আরও বড় ব্যাবধানে জিততে পারত লালহলুদ ব্রিগেড। ম্যাচের পর তাই কোচ হাবাসের গলাতেও সেই কথা। তিনি জানান, ম্যাচের ফলে তিনি খুশি, তবে আরও গোল হতে পারত। এটা নিয়ে আক্ষেপও ঝরে পড়ল তাঁর গলায়। হাবাস জানিয়ে দেন পরের ম্যাচের আগে এটা নিয়ে তাঁদের ভাবতে হবে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

পরের পর ম্যাচ খেলতে হচ্ছে, তাই চোট আঘাত নিয়ে একটা আশঙ্কা যে তাঁর আছে, ম্যাচের আগে তা জানিয়ে ছিলেন। তাই এদিন তিনি স্বস্তি পেয়েছেন। জানান, চোট আঘাত সামলানো গেছে, এতে তিনি খুশি। পাশাপাশি শুরুতেই গোল পেয়ে যাওয়ার পরও যে গোটা ম্যাচে একটা নির্দিষ্ট মান ধরে রাখা গেছে, এটাও স্বস্তি দিচ্ছে তাঁকে।
তেল দেওয়া মেশিনের মত ওঠা নামা করেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। হাবাসও বলেন, একসঙ্গে সবাই আক্রমণে গেছে, আবার একসঙ্গে সবাই রক্ষণ সামলেছে, এটাই ছিল তাঁদের পরিকল্পনা।
এদিন শুরু থেকে খেললেন একে লোবা। নিজে দুটি গোল করলেন। একটি অ্যাসিস্ট করলেন। স্বভাবতই প্রশ্ন উঠল, তাহলে কি আগামি এএফসি ম্যাচেও তিনি শুরু থেকে খেলবেন? হাবাস জানান, লোবা ভাল, লুকাস ভাল, ডেভিড ভাল। সবাই ভাল। তাঁরা ম্যাচের আগে সবার সঙ্গে কথা বলবেন। সবার পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবেন।
তিনি জানিয়ে দিলেন, এএফসি অন্য টুর্নামেন্ট। অন্য ম্যাচ। তবে সবাই ফিট আছে, তাঁদের ভাবনা চিন্তা একই থাকবে। দলের সবাই যে ফর্মের শীর্ষে আছেন, এটা বাড়তি খুশি করছে স্প্যানিশ কোচকে। জানিয়ে দিলেন, সবাইকে ফর্মের চূড়ায় রাখাই কোচের কাজ। আশা করেন গোটা মরসুম এই ফর্ম ধরে রাখতে পারবে তাঁর দল।.