ফের বিতর্কে দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস, এবার নিশানায় ECB কর্মী
২০২৫ সালের ইংল্যান্ড সফরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে শিরোনামে এসেছিলেন দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিস। এক বছর পর ফের বিতর্কের কেন্দ্রে তিনি। এবার অবশ্য গম্ভীরের সঙ্গে নয়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) এক কর্মীর সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:

২৮ জুলাই ‘দ্য হান্ড্রেড’-এর ম্যাচে MI London ও London Spirit-এর মুখোমুখি হওয়ার আগে ওভালের মাঠ প্রস্তুতের কাজ চলছিল। সেই সময়ই ফোর্টিসের সঙ্গে এক ECB কর্মীর তর্কাতর্কি হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই ECB কর্মী কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ঘটনার পর মাঠেই দীর্ঘক্ষণ Surrey-র চিফ এগজিকিউটিভ স্টিভ এলওয়ার্থির সঙ্গে কথা বলতে দেখা যায় ফোর্টিসকে। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, ওই ঘটনার পর থেকে এলওয়ার্থি আর ওভালে ফেরেননি। ফলে ফোর্টিসের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ফোর্টিসকে ঘিরে এই নতুন বিতর্ক স্বাভাবিকভাবেই ফিরিয়ে এনেছে ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সেই ঘটনা। গত বছর জুলাইয়ে ওভালে সিরিজের পঞ্চম টেস্ট চলাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন ফোর্টিস।
ঘটনার সূত্রপাত হয়েছিল আপাতদৃষ্টিতে একটি সাধারণ নির্দেশকে কেন্দ্র করে। ভারতের কোচিং স্টাফদের মূল পিচ স্কোয়ার থেকে ২.৫ মিটার দূরে থাকতে বলেছিলেন ফোর্টিস। যদিও ভারতীয় কোচিং স্টাফদের উপযুক্ত জুতো পরা ছিল। ফোর্টিসের নির্দেশে ক্ষুব্ধ হন গম্ভীর। এরপরই দু’জনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়।
তবে সেই ঘটনার শেষ হাসি হেসেছিল ভারত। ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল ভারত।
এক বছর পর ফের শিরোনামে লি ফোর্টিস। তবে এবার ক্রিকেটের কোনও বড় তারকার সঙ্গে সংঘাতের কারণে নয়। বরং মাঠের বাইরে তাঁর আচরণ এবং ওভালে তাঁর ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা।