কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের
এক সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তর দিতে একটুও ভাবেননি তিনি—“বিরাট আমার প্রিয় খেলোয়াড়।” শুধু পছন্দ নয়, কোহলির পারফরম্যান্সের সঙ্গে তাঁর আবেগ যেন সরাসরি জড়িয়ে ছিল। নানা জানিয়েছিলেন, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর আর খেতেই ইচ্ছে করত না।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অভিনয়ের জগতে তিনি ছিলেন কিংবদন্তি। কিন্তু ক্যামেরার বাইরে নানা পাটেকরের আরও একটি পরিচয় ছিল—তিনি ছিলেন ক্রিকেটের ভীষণ বড় ভক্ত। আর তাঁর প্রিয় ক্রিকেটার? বিরাট কোহলি। বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে নানা পাটেকরের প্রয়াণের পর সেই ক্রিকেটপ্রেমের কথাই নতুন করে সামনে এসেছে। বিশেষ করে বিরাট কোহলিকে নিয়ে তাঁর পুরনো একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল।
নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বয়ং বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় তারকা লেখেন, “ভারতীয় সিনেমার এক সত্যিকারের কিংবদন্তি। তাঁর কাজ এবং তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। শান্তিতে থাকুন নানা
আর ঠিক এই সময়েই সামনে এসেছে নানা পাটেকরের সেই পুরনো মন্তব্য। এক সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তর দিতে একটুও ভাবেননি তিনি—“বিরাট আমার প্রিয় খেলোয়াড়।” শুধু পছন্দ নয়, কোহলির পারফরম্যান্সের সঙ্গে তাঁর আবেগ যেন সরাসরি জড়িয়ে ছিল। নানা জানিয়েছিলেন, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর আর খেতেই ইচ্ছে করত না।
ক্রিকেটের সঙ্গে নানার সম্পর্ক অবশ্য আরও পুরনো। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। এমনকী একসময় অফ-স্পিন বোলিংও করতেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচ হলে টেলিভিশনের সামনে বসে যেতেন, আর ক্রিকেট নিয়ে তাঁর আবেগ ছিল প্রবল।
শুধু বিরাট নন, ক্রিকেটের আরও বহু কিংবদন্তির প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। সুনীল গাভাসকর ছিলেন তাঁর অন্যতম আদর্শ। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গেও সময় কাটানোর ইচ্ছা ছিল তাঁর, কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
নানার প্রয়াণে ক্রিকেটমহল থেকেও এসেছে শোকবার্তা। শিখর ধাওয়ান-সহ ক্রীড়াজগতের একাধিক তারকা শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।
পর্দায় অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছিলেন নানা। কিন্তু ক্রিকেটপ্রেমী নানার এই সহজ, আবেগপ্রবণ পরিচয়টিও হয়তো তাঁকে আরও কাছের মানুষ করে তুলেছিল ক্রিকেটপ্রেমীদের কাছে।
