মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়ে ভাবছেনই না দিদিয়ের দেশঁ
রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ।

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে ম্যাচের আগে রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ। ম্যাচ পরিচালনার দায়িত্বে সম্পূর্ণ আর্জেন্টাইন রেফারি প্যানেল থাকলেও তাঁর আস্থা রয়েছে ম্যাচ অফিসিয়ালদের উপর।
সাংবাদিক সম্মেলনে দেশঁ বলেন, "বিষয়টা আমাদের মেনে নিতেই হবে। আমি রেফারিদের উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন।"
চলতি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালগুলোর একটি হতে চলেছে এই ম্যাচ। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দুরন্ত ছন্দে থাকা ফ্রান্সের সামনে রয়েছে হাকিমির নেতৃত্বাধীন মরক্কো। শেষ ১৬-এ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছে মরক্কো এবং এবার তাদের লক্ষ্য ফ্রান্সকে হারিয়ে আরও একবার ইতিহাস গড়া।
অন্যদিকে, ফ্রান্স টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি গোল করেছে। এমবাপ্পের পাশাপাশি ডেম্বেলে, মাইকেল ওলিসে এবং ব্র্যাডলি বারকোলার দুরন্ত পারফরম্যান্স ফরাসি আক্রমণভাগকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।
তবে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফিফার রেফারি নিয়োগ। অন-ফিল্ড রেফারি ফাকুন্দো তেল্লো-সহ দুই সহকারী রেফারি, রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট এবং চতুর্থ অফিসিয়াল সকলেই আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের নাটকীয় পরাজয়ের পর থেকেই দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। সেই কারণেই এই নিয়োগ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
তবে ফ্রান্সের গোলকিপার রবিন রিসারও রেফারিদের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাঁর মতে, দুই দেশের মধ্যে কিছুটা তিক্ততা থাকলেও তা ফুটবলেরই অংশ।
রিসার বলেন, "২০২২ বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে কিছুটা তিক্ততা রয়েছে। কিন্তু সেটাই ফুটবল। আর্জেন্টিনার রেফারিরা যদি এখানে দায়িত্ব পেয়ে থাকেন, তার মানে তাঁরা এই পর্যায়ের ম্যাচ পরিচালনার যোগ্য।"
চলতি বিশ্বকাপে রেফারিং নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের ফুটবলার মোস্তাফা জিকো এবং হেড কোচ হোসাম হাসান। জিকোর একটি গোল বাতিল হওয়ার পর তাঁরা ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা করেন এবং টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
এই প্রসঙ্গে দেশঁ রেফারিদের পক্ষেই সওয়াল করেন। তিনি বলেন, "আশা করি আমাদের ম্যাচের রেফারিরাও ঠিক ততটাই ভালো পারফরম্যান্স করবেন, যতটা মঁসিয়ে লেতেক্সিয়ের করেছিলেন।"
এখন মাঠের লড়াইয়ে মরক্কো ও ফ্রান্স, দুই দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া। তবে ম্যাচের পাশাপাশি রেফারিং নিয়েও যে নজর থাকবে, তা বলাই বাহুল্য।
