পেনাল্টি মিস করার জন্য আর্জেন্টাইন রেফারিকে দোষারোপ করছেন কিলিয়ান এমবাপে
এমবাপের অভিযোগ, আর্জেন্টাইন রেফারি বাড়তি সময় নিয়েছেন এবং তাঁর মনঃসংযোগ নষ্ট করেছেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: মরক্কো ম্যাচে শুরুতেই পেনাল্টি মিস করার জন্য আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোকেই দায়ী করেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স পেনাল্টি পাওয়ার পর যখন এমবাপে শট নিতে যাবেন, তখনই ভারের সিদ্ধান্তের জন্য অনেকটা সময় চলে যায়। এমবাপের অভিযোগ, আর্জেন্টাইন রেফারি বাড়তি সময় নিয়েছেন এবং তাঁর মনঃসংযোগ নষ্ট করেছেন।
ম্যাচের পর ফরাসি অধিনায়ক বলেন, “আমি পেনাল্টিটা ভালভাবে নিতে পারিনি। পরিস্থিতিটা কঠিন ছিল। অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমি যখন মারতে যাবো, তখন রেফারি এসে বললেন পেনাল্টি নয়। এতে আমার মনঃসংযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এমন অভিজ্ঞতা আগে হয়নি।“
পেনাল্টি নষ্ট করার পর মাঠেই অসন্তোষ প্রকাশ করেন এমবাপে। দীর্ঘ সময় ধরে ভিএআরের আলোচনা চলায় অসন্তোষ প্রকাশ করা হয় ফ্রান্সের বেঞ্চ থেকেও। ম্যাচের পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁও এ নিয়ে মন্তব্য করেন।
দেশঁ বলেন, “আমার মনে হয়েছিল, একবার রিভিউ হয়েছিল। এবং রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রেখেছিলেন, কিন্তু তারপর আবার কয়েকবার রিভিউ করা হয়, পুরো প্রক্রিয়াটাও দু মিনিট সময় লেগে যায়। মূব সমস্যা হল, দীর্ঘ অনিশ্চয়তা। এতে ওর মনঃসংয়োগ নষ্ট হয়ে যায়। আমি অজুহাত দিচ্ছি না, তবে পরিস্থিতিটা বেশ কঠিন ছিল।“ লব মিলিয়ে পুরো ঘটনায় বেশ ক্ষুব্ধ ফরাসি শিবির।
