নভেম্বরে নিউজিল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাবে ভারতীয় ফুটবল দল
নভেম্বরে ফিফা উইন্ডোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্লু টাইগার্স। ১২ নভেম্বর অকল্যান্ডে প্রথম ম্যাচ ও ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চে ভারত খেলবে দ্বিতীয় ম্যাচ।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এবার সত্যিকারের খুব ভাল একটা সফরে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। নভেম্বরে ফিফা উইন্ডোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্লু টাইগার্স। ১২ নভেম্বর অকল্যান্ডে প্রথম ম্যাচ ও ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চে ভারত খেলবে দ্বিতীয় ম্যাচ।
নিউজিল্যান্ডের মত এত ভাল একটা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন সন্দেশ-আনোয়াররা। চলতি বিশ্বকাপেও খেলেছে নিউজিল্যান্ড। ইরানের সঙ্গে ম্যাচটি ড্র করলেও মিশর ও বেলজিয়ামের কাছে হেরে গেছে। তবে বিশ্বের প্রায় সেরা পর্যায়ের একটি দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে ভারতীয় দল। এটা কম পাওয়া নয়।
এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে দুবার খেলেছে ভারত। ১৯৮১ সালে মালয়েশিয়ায় মারদেকা টুর্নামেন্টে কিউয়িদের আটকে দিয়েছিল ভারত। তবে ২০১৮ সালে ইন্টার কন্টিনেন্টাল কাপে ২-১ গোলে হেরে গিয়েছিল।
২০০৫ সালে ফিজির বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল ভারতীয় দল। তারপর এই প্রথম ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের কোনও সদস্য দেশে খেলার সুযোগ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের অংশ হিসাবে হবে এই দুটি ম্যাচ। “100 Years Of Unity Through Sport” – কর্মসূচির অংশ হিসাবেই খেলবে ভারত ও নিউজিল্যান্ড।
ভারতের কোচ খালিদ জামিল বলেন , বিশ্বের সেরা পর্যায়ের কোনওদলের বিরুদ্ধে খেলা সব সময়ই ইতিবাচক অভিজ্ঞতা। এই সফর আমাদের ফুটবলারদের কাছে শিক্ষনীয় হবে।
