ইংল্যান্ডের কাছে টি-২০ সিরিজ হার, বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভরাডুবির পর ভারতীয় টি-২০ দলের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবে বিসিসিআই!

Photo- BCCI/ x
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভরাডুবির পর ভারতীয় টি-২০ দলের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ১৯ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পরই এই পর্যালোচনা হবে।
এই বিষয় সাইকিয়া বলেছেন, "ভারতীয় টি-২০ দল বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সিরিজ শেষ হলে আমরা বিস্তারিতভাবে পর্যালোচনা করব। দল ঠিক কোন সমস্যার মুখোমুখি হচ্ছে, তা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।"
ব্রিস্টলে চতুর্থ টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ রান ছাড়া ব্যাটিংয়ে কেউই বড় অবদান রাখতে পারেননি। জবাবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ফিল সল্টের দুরন্ত ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা, দুর্বল বোলিং এবং ফিল্ডিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৩ জুলাই জিম্বাবুয়ে সফরের আগে বিসিসিআইয়ের এই রিভিউ বৈঠকের সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে ক্রিকেট মহলের।
