শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা
অপেক্ষার পালা শেষ। শহরে এসে গেল ব্রাজিল। আনসেলোত্তি, ভিনিসিয়াস, এন্ড্রিকরা এখন আমাদের এই শহরের অতিথি। আবেগে, উন্মাদনায় ব্রাজিল দলকে বরণ করে নিল শহর কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে এখন শহর জুড়ে ফুটবল জ্বর। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
: অপেক্ষার পালা শেষ। শহরে এসে গেল ব্রাজিল। আনসেলোত্তি, ভিনিসিয়াস, এন্ড্রিকরা এখন আমাদের এই শহরের অতিথি। আবেগে, উন্মাদনায় ব্রাজিল দলকে বরণ করে নিল শহর কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে এখন শহর জুড়ে ফুটবল জ্বর। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে দলের অন্যতম বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক ও এস্তেভাও-সহ গোটা দল বৃহস্পতিবার রাত ৮টা ৩৮ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ব্রাজিলকে ঘিরে বিমানবন্দর চত্বরেই তৈরি হয় প্রবল উন্মাদনা।

নিরাপত্তার কারণে বিমানবন্দরে সাধারণের প্রবেশে বিধিনিষেধ থাকলেও বহু সমর্থক বাইরে অপেক্ষা করছিলেন। কারও হাতে ছিল ব্রাজিলের পতাকা, কেউ আবার গায়ে জড়িয়েছিলেন বিখ্যাত হলুদ জার্সি। প্রিয় তারকাদের এক ঝলক দেখার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তাঁরা।
কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশে রওনা দেয় ব্রাজিল দল। রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ হোটেলে পৌঁছয় তারা। ব্রাজিলের প্রতীক লাগানো সবুজ-হলুদ দলের বাসে করে কলকাতার রাস্তা দিয়ে ফুটবলারদের যাত্রা শহরের ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
হোটেলের সামনেও ছিল একই ছবি। ব্রাজিলের তারকাদের স্বাগত জানাতে বিপুল সংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন। নিরাপত্তারক্ষীরা ফুটবলারদের নিরাপদে হোটেলের ভিতরে নিয়ে গেলেও দূর থেকেই নিজেদের ভালোবাসা ও উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।
কলকাতার এই উষ্ণ অভ্যর্থনায় ব্রাজিলের ফুটবলাররাও অভিভূত। হোটেলে ঢোকার সময় বেশ কয়েকজন ফুটবলারকে হাসিমুখে সমর্থকদের দিকে তাকাতে দেখা যায়। কেউ কেউ আবার হাত তুলে এবং থাম্বস-আপ দেখিয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
ব্রাজিলের কলকাতায় পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারত-ব্রাজিল ম্যাচকে ঘিরে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আনসেলোত্তির মতো কিংবদন্তি কোচ এবং ভিনিসিয়াস, এন্ড্রিক, এস্তেভাওয়ের মতো বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকারা এখন শহরে। ফলে ৩ অক্টোবরের ম্যাচ নিয়ে আগ্রহের পারদ ক্রমশ চড়ছে।
৩ অক্টোবরের অপেক্ষায় এখন গোটা কলকাতা। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের আলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। সেই ঐতিহাসিক ফুটবল সন্ধ্যার কাউন্টডাউন চলছে। ব্রাজিল বনাম ভারত – স্বপ্ন বাস্তবায়িত হওয়ার মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তিলোত্তমা।
