ডিফেন্ড দ্য টাইটেল, ডিফেন্ড দ্য স্টাইল! IWL-এর আগে অ্যান্থনির বার্তা স্পষ্ট
প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেন ইস্টবেঙ্গল কোচ, তিনি বলেন, "আমি খেতাব জিততে ভালোবাসি। আমি একজন ক্ষুধার্ত মানুষ।" কোচের কথায় স্পষ্ট যে জয়ই শেষ কথা। দলের ফুটবলারদের মধ্যেও সেই মানসিকতা তৈরি করতে চান তিনি। কীভাবে নিজের জয়ের খিদে ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দেন সেই প্রশ্নের উত্তরে অ্যান্থনি বলেন, "আমাদের একটাই মানসিকতা। আমরা অজুহাত গুনি না, ফলাফল গুনি।"

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: খেতাব জেতার নেশা তাঁর বরাবরের এবং আবারও তৃতীয় বারের জন্য খেতাব জয়ের লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। জেতার লক্ষ্য নিয়েই মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগে নামতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেড। এবার লক্ষ্য নিজেদের খেতাব ধরে রাখা। প্রতিপক্ষকে কোনওরকম সুযোগ না দিয়ে নিজেদের চেনা আগ্রাসী ফুটবলেই সাফল্য ধরে রাখতে চান লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ।
প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেন ইস্টবেঙ্গল কোচ, তিনি বলেন, "আমি খেতাব জিততে ভালোবাসি। আমি একজন ক্ষুধার্ত মানুষ।" কোচের কথায় স্পষ্ট যে জয়ই তাঁর কাছে শেষ কথা। দলের ফুটবলারদের মধ্যেও সেই মানসিকতা তৈরি করতে চান তিনি। কীভাবে নিজের জয়ের খিদে ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দেন সেই প্রশ্নের উত্তরে অ্যান্থনি বলেন, "আমাদের একটাই মানসিকতা। আমরা অজুহাত গুনি না, ফলাফল গুনি।"
ভারতীয় ফুটবলের উন্নতিতে আইডব্লিউএলের মতো লিগের ভূমিকা নিয়ে যদিও খুব একটা আশাবাদী নন তিনি, কারণ তাঁর মতে এই সামান্য কটা ম্যাচ কখনই প্রতিভা অন্বেষণ করতে পারেনা। কিন্তু, তাঁর মতে, বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে জাতীয় দলের ফুটবলারদের প্রস্তুতিও আরও ভালো হবে। পাশাপাশি বিদেশি ফুটবলারদের গুরুত্বের কথা তুলে ধরে অ্যান্থনি জানান, বিদেশি খেলোয়াড় না থাকলে খেলার মান কমে যাবে।
অন্যদিকে, সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলার সুলঞ্জনা রাউল। তাঁর কথায়, "মাঠে যেন সমর্থকরা আসে, তারা জানুক আমরা কোথায় খেলছি, কীরকম খেলছি।"
অর্থাৎ, খেতাব ধরে রাখার লড়াইয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের উপস্থিতিকেও বাড়তি শক্তি হিসেবে দেখছে লাল-হলুদ শিবির। শুক্রবার, ১৩ নভেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন আইডব্লিউএল মরশুম। আর প্রথম ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও গোকুলাম কেরালা এফসি। খেতাব ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
