ভারতীয় ফুটবলে মহিলা কোচদের নতুন পথ, AIFF ও FIFA-র উদ্যোগে বদলের বার্তা
FIFA Women’s Department-এর সহযোগিতায় কলকাতার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হয়েছে শুধুমাত্র মহিলা কোচদের জন্য AFC C Diploma Course।

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহিলাদের ফুটবলের উন্নতি শুধু মেয়েদের আরও বেশি সুযোগ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের কোচ, নেতা এবং সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ, যাঁরা আগামী দিনে ভারতীয় ফুটবলের দিশা ঠিক করবেন। ভারতীয় ফুটবলে সেই পরিবর্তনের পথেই আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।
FIFA Women’s Department-এর সহযোগিতায় কলকাতার ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হয়েছে শুধুমাত্র মহিলা কোচদের জন্য AFC C Diploma Course। ১৩ দিনের এই কোর্সে উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২২ জন মহিলা কোচ অংশ নিয়েছেন। তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন AIFF Coach Educator ইন্দু শর্মা।
এই উদ্যোগ শুধু একটি কোচিং লাইসেন্স পাওয়ার সুযোগ নয়। একইসঙ্গে মহিলা কোচদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, একে অপরের কাছ থেকে শেখা এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস তৈরি করার একটি মঞ্চ।
আর সেখানেই এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য দেখছেন ইন্দু শর্মা। কারণ অংশগ্রহণকারীদের অনেকেই গ্রাম ও প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন। আর্থিক সমস্যা থেকে শুরু করে পরিকাঠামোর অভাব,একাধিক বাধা পেরিয়েও ফুটবলে নিজেদের জায়গা তৈরি করার স্বপ্ন ছাড়েননি তাঁরা।
“আমি ওদের মধ্যে ফুটবলে থাকার, নিজেকে আরও ভালো কোচ হিসেবে তৈরি করার যে তাগিদটা দেখছি, সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে,” বললেন ইন্দু শর্মা।
AIFF এবং FIFA-র এই যৌথ উদ্যোগকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর মতে, ভারতে প্রথমবারের মতো এই ধরনের সুযোগ তৈরি হওয়া মহিলা কোচদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে।
“ভারতে প্রথমবারের মতো এমন একটা সুযোগ এসেছে, এটা ভেবে আমি সত্যিই খুব খুশি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফিফাকে ধন্যবাদ জানাতে চাই। এই সহযোগিতার মাধ্যমে আমি সত্যিই একটা পরিবর্তন দেখতে পাচ্ছি,” বললেন ইন্দু।
ভারতীয় ফুটবল যখন আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন মহিলা কোচদের জন্য এই ধরনের সুযোগ আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
“আজকের সময়ে, যখন আধুনিক ফুটবল দ্রুত বদলাচ্ছে এবং বিশেষ করে ভারতে মহিলাদের ফুটবলও এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ,” জানালেন ইন্দু।
FIFA Coach Education Scholarship Programme-এর আওতায় সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত হয়েছে এই কোর্স। লক্ষ্য একটাই, ভারতে মহিলা কোচদের জন্য একটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি পথ তৈরি করা।
এখানেই অবশ্য শেষ নয়। চলতি বছরের শেষের দিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের মহিলা কোচদের জন্য আরও একটি AFC C Diploma Course আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দুটি কোর্স মিলিয়ে ২০২৬ সালের শেষের দিকে প্রায় ৪২–৪৪ জন মহিলা AFC C Licence কোচ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংখ্যাটা হয়তো ৪০-এর কিছু বেশি। কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে। কারণ এই উদ্যোগ শুধু কয়েকজন মহিলাকে কোচিং লাইসেন্স দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ার জায়গায় আরও বেশি মহিলাকে নিয়ে আসার একটি চেষ্টা, যেখানে তাঁরা শুধু খেলবেন না, কোচ করবেন, নেতৃত্ব দেবেন এবং সিদ্ধান্তও নেবেন।








