“এভাবেই এগিয়ে যাও”, খালিদকে বলে গেলেন আনসেলোত্তি
বিশ্বের অন্যতম সেরা দল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলর সঙ্গে প্রচণ্ড লড়াকু হার। তারপর বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আনসেলোত্তির সঙ্গে ভারতের কোচ খালিদ জামিলের কী কথাবার্তা হল? খালিদ জানালেন, আনসেলোত্তি তাঁকে বলেছেন, খুব ভাল খেলেছো। এভাবেই এগিয়ে যাও। যোগাযোগ রেখো।

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিশ্বের অন্যতম সেরা দল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলর সঙ্গে প্রচণ্ড লড়াকু হার। তারপর বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আনসেলোত্তির সঙ্গে ভারতের কোচ খালিদ জামিলের কী কথাবার্তা হল? খালিদ জানালেন, আনসেলোত্তি তাঁকে বলেছেন, খুব ভাল খেলেছো। এভাবেই এগিয়ে যাও। যোগাযোগ রেখো।
দুর্দান্ত সার্টিফিকেট কোনও সন্দেহ নেই। বিশেষ করে যে মানুষটা ভারতে এসে ম্যাচের আগে বলেছিলেন, ভারতের ফুটবল সংস্কৃতি নেই। সেই মানুষটাই যদি ম্যাচের পর এমন কথা বলেন, তাতেই স্পষ্ট হারলেও ভারত কেমন খেলেছে। আর সেই মানুষটার নাম যদি হয় কার্লো আনসেলোত্তি, তাহলে তার গুরুত্ব আরও বেড়ে যায়।
গোটা দল ভাল খেললেও গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের দিকে আঙুল উঠছে। খালিদ অবশ্য তাঁর গোলরক্ষকের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলেন, “গুরপ্রীতকে এই ম্যাচের জন্য একা দায়ী করা যায় না। তিনি ভারতের অন্যতম সেরা গোলকিপার। মাত্র দু’টি ম্যাচের পারফরম্যান্স দিয়ে তাঁর বিচার করা ঠিক নয়। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও শুধু গুরপ্রীতের ভুল ছিল না, ডিফেন্ডাররাও যথেষ্ট দ্রুত ক্লোজ ডাউন করতে পারেনি। সামগ্রিকভাবে এটি দলের ভুল। গুরপ্রীত অবশ্যই ঘুরে দাঁড়াবে।“
ভারতের কোচ মেনে নেন, মাঠে নামার আগে অবশ্যই চাপ ছিল। “ব্রাজিলের মত দলের বিরুদ্ধে খেলার আগে চাপ থাকেই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের বিভিন্ন বড় ক্লাবে খেলা ফুটবলারদের নিয়ে গঠিত দল। তাদের মান এবং কোচিংয়ের মানও অত্যন্ত উঁচু। ফলে এমন দলের বিরুদ্ধে খেলা সহজ নয়। তবে এক দিনে সবকিছু তৈরি হয় না, এর জন্য সময় প্রয়োজন।“
খালিদ মনে করেন প্রথম ওয়াটার ব্রেক পর্যন্ত সবকিছুই পরিকল্পনামত চলছিল। কিন্তু একটা ভুলের জন্য প্রথম গোল ও তারপর দ্বিতীয় গোল হয়ে যাওয়ায় ম্যাচটা বদলে যায। “থাপা, উইলিয়ামস, মনবীররা খুব ভাল খেলেছে, তবে রক্ষণে আরও উন্নতি করতে হবে। তবে সবাই চেষ্টা করেছে। পরিশ্রম আর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।“
খালিদের মতে সবাই অভিজ্ঞ তাই দলকে আত্মবিশ্বাসী করে তুলতে খুব পরিশ্রম করতে হয়নি। কিন্তু উন্নতি করতে হলে এমন ম্যাচ আরও খেলতে হবে।








